ঈদ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষেরা। ফলে লঞ্চেও বাড়ছে ঢাকামুখী যাত্রীদের চাপ। শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে
ঈদ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষেরা। ফলে লঞ্চেও বাড়ছে ঢাকামুখী যাত্রীদের চাপ। শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে

শিমুলিয়া ঘাটে স্পিডবোট, লঞ্চ ও ফেরিতে ঢাকামুখী যাত্রীদের চাপ

ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলাগুলোতে ফিরতে শুরু করেছেন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার কর্মজীবীরা। আজ শুক্রবার সকাল থেকে স্পিডবোট, লঞ্চ ও ফেরিতে করে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট হয়ে ঢাকার দিকে ছুটছেন তাঁরা।

শিমুলিয়া ঘাটের একাধিক সূত্র জানিয়েছে, ঈদ শেষে বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠান খুলতে শুরু করেছে। ফলে শিমুলিয়া ঘাটে রয়েছে ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপ। কর্মস্থলে যোগ দিতে মানুষ ব্যক্তিগত যানবাহনসহ বিভিন্ন মাধ্যমে পদ্মা পাড়ি দিয়ে ঢাকার দিকে ছুটছেন। বেশি চাপ পড়েছে লঞ্চ ও স্পিডবোটে। শনিবার থেকে এ চাপ আরও বাড়তে পারে।

এই নৌপথে বর্তমানে ছোট-বড় মিলিয়ে ১০টি ফেরি চলাচল করছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহম্মেদ। আজ বিকেলে তিনি প্রথম আলোকে বলেন, বাংলাবাজার-মাঝিকান্দি ঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিতে যাত্রী, যানবাহন ও মোটরসাইকেল গাদাগাদি করে আসছে। শনিবার এ চাপ আরও বাড়বে।

শিমুলিয়া ঘাটের ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) মোহাম্মদ জিয়াউল হক জিয়া প্রথম আলোকে বলেন, ঈদের আগ থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ঘাটে দক্ষিণাঞ্চলমুখী যাত্রী ও যানবাহনের চাপ ছিল। তবে আজ চিত্র ভিন্ন। আজ ঢাকামুখী চাপ বেড়েছে।

ঢাকাগামী যাত্রীদের চাপ খুব বেশি বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর শিমুলিয়া নদীবন্দরের সহকারী পরিচালক ও সহকারী বন্দর কর্মকর্তা মো. শাহাদাত হোসেন। তিনি বলেন, আগামী রোববার পোশাক কারখানাগুলো খুলছে। ফলে শনিবার চাপ আরও বাড়বে।

শাহাদাত হোসেন আরও বলেন, মাদারীপুর বাংলাবাজার থেকে সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত লঞ্চে ৭০টি ট্রিপ শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে গেছে। এই সময় প্রায় ২০ হাজার যাত্রী পার হয়েছেন। বিকেল পর্যন্ত এই সংখ্যা অর্ধলাখ ছাড়িয়ে যাবে।