শোডাউন করায় মহেশখালীতে চার ইউপি চেয়ারম্যান প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

কক্সবাজার জেলার মানচিত্র
কক্সবাজার জেলার মানচিত্র

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর বড়মহেশখালী ও কালারমারছড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চারজন চেয়ারম্যান পদপ্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল এ নোটিশ দেন।

কারণ দর্শানোর নোটিশ পাওয়া চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন কালারমারছড়া ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী তারেক বিন ওসমান শরীফ, স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান বাবু, হোবাইব সজীব ও বড় মহেশখালী ইউপিতে নৌকার প্রার্থী মোস্তফা আনোয়ার। আগামী ১৫ জুন এ দুটি ইউপিতে ভোট গ্রহণ হবে।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়, ২৭ মে প্রার্থীরা নির্বাচনী এলাকায় যানবাহনসহ মিছিল শোডাউন করে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। এতে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। ইউনিয়ন পরিষদ (নির্বাচনী আচরণবিধি) বিধিমালা ২০১৬ আইন অনুযায়ী, এটি নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন। নোটিশ দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে প্রার্থীদের জবাব দিতে বলা হয়েছে।

মহেশখালীর ইউপি নির্বাচনে দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল প্রথম আলোকে বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চারজন চেয়ারম্যান পদপ্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের জবাব দিতে বলা হয়েছে। সন্তোষজনক জবাব না দিলে প্রার্থীদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।