
সাতক্ষীরার শ্যামনগরে দ্রুতগতির মোটরসাইকেল ধাক্কায় রহিমা খাতুন (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে মুন্সিগঞ্জ শেখ বাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। রহিমা মুন্সিগঞ্জ পূর্ব ধানখালী গ্রামের আবদুল করিম গাজীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শী একই গ্রামের নজরুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে রাস্তার পাশ দিয়ে হেঁটে রহিমা খাতুন প্রতিবেশীর বাড়িতে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা দেয়। এ সময় রাস্তার ওপরে ছিটকে পড়ে গুরুতর আহত হন ওই নারী। দ্রুত উদ্ধার করে তাঁকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা রিতা রানী পাল তাঁকে মৃত ঘোষণা করেন।
নজরুল আরও বলেন, ২০১৬ সালে একই সড়কে সোনামোড়ে রহিমা খাতুনের একমাত্র ছেলে বাবলুর রহমান দুর্ঘটনায় মারা যান।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনা নিশ্চিত করে বলেন, রহিমা খাতুনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।