কলেজটিতে প্রায় ১০ হাজার শিক্ষার্থী রয়েছে। তাঁদের জন্য দুটি একাডেমিক ভবনে শ্রেণিকক্ষ আছে ৩০টি।

রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজে দ্বাদশ শ্রেণির জন্য নির্ধারিত কোনো শ্রেণিকক্ষ নেই। কক্ষ ফাঁকা পেলে ক্লাস হয়। না হলে শিক্ষার্থীরা ফিরে যায়। এ ছাড়া কলেজটিতে ১৫টি বিষয়ে স্নাতক (সম্মান) ও ৫টি বিষয়ে স্নাতকোত্তর পড়ানো হয়। প্রতিটি বিভাগের জন্য মাত্র একটি করে শ্রেণিকক্ষ রয়েছে। শ্রেণিকক্ষ–সংকটের কারণে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির ক্লাস সপ্তাহে তিন দিন করে হয়।
কলেজ সূত্রে জানা গেছে, নাটোর রোড–সংলগ্ন সি অ্যান্ড বি মোড়ের পূর্বে অবস্থিত কলেজটিতে প্রায় ১০ হাজার শিক্ষার্থী রয়েছেন। তাঁদের জন্য শ্রেণিকক্ষ আছে ৩০টি। ১৯৬১ সালে প্রতিষ্ঠার পর কলেজের নিজস্ব কোনো ভবন ছিল না। ১৯৬৬ সালের জুলাইয়ে রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ ভবনের অংশ ছেড়ে দিলে আনুষ্ঠানিকভাবে এই কলেজের যাত্রা শুরু হয়।
পরে এ ভবনটি একাডেমিক ভবন-১ হিসেবে পরিচিতি পায়। তিনতলা এ ভবনটিতে রয়েছে তিনটি (উত্তর, দক্ষিণ ও মধ্য) ব্লক। এ ভবনেই অধিকাংশ বিভাগের কার্যালয় ও ক্লাসরুম আছে। ২০০৯-২০১০ অর্থবছরে একাডেমিক ভবন-২–এর নির্মাণকাজ শুরু হয়। চারতলা বিশিষ্ট ও ভবনটি করিডরের মাধ্যমে একাডেমিক ভবন-১–এর সঙ্গে সংযুক্ত।
কলেজের প্রশাসনিক কর্মকর্তারা আরও বলেন, চলতি বর্ষে নিউ গভ. ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের ৪টি শাখায় মোট ৬০০ জন, মানবিক ২টি শাখায় ৩০০ জন এবং ব্যবসায় শিক্ষার ২টি শাখায় ৩০০ জন ছাত্র-ছাত্রী একাদশ শ্রেণিতে ভর্তি করা হয়। উচ্চশিক্ষার সুযোগ প্রসারের লক্ষ্যে ১৯৮৬ সালে কলেজে স্নাতক (সম্মান) কোর্স প্রবর্তিত হয়। পরে স্নাতকোত্তর কোর্স চালু হয়। সব মিলিয়ে কলেজে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১০ হাজার।
কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রী বলে, যখন একাদশ শ্রেণিতে ছিল, তখন সব শিক্ষার্থী এলে শ্রেণিকক্ষে জায়গা হতো না। অনেকে দাঁড়িয়ে থাকত। আর এখন তাদের জন্য শ্রেণিকক্ষই নেই। শ্রেণিকক্ষ পেলে ক্লাস করতে পারে, না হলে ফিরে যেতে হয়।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাদিম সিনা বলেন, সপ্তাহে তিন দিন ক্লাস করতে কলেজে যান। এর মধ্যে দ্বাদশ শ্রেণির ক্লাসের জন্য কখনো কখনো শ্রেণিকক্ষ ছেড়ে দিতে হয়। এভাবেই ক্লাস করতে হয়।
শিক্ষার্থীরা আরও বলেন, বাংলা বিভাগ ছাড়া প্রতিটি বিভাগের কার্যালয়, সেমিনার, শৌচাগার অল্প জায়গার মধ্যে করা হয়েছে। ফলে শিক্ষার্থীরা সেমিনারে গিয়ে বসবে তার উপায় নেই। শৌচাগারেও থাকে দীর্ঘ লাইন।
ব্যবস্থাপনা বিভাগের প্রধান বিপ্লব মজুমদার জানান, স্নাতকের একটি বর্ষে ২০০ জন শিক্ষার্থী ক্লাস করতে আসেন। কিন্তু শ্রেণিকক্ষের ধারণক্ষমতা সর্বোচ্চ ১০০। কলেজে মোট ৩০টি শ্রেণিকক্ষ রয়েছে। আরও ৩০টি বা এর বেশি শ্রেণিকক্ষ থাকলে তাঁরা স্বাচ্ছন্দ্যে ক্লাস নিতে পারতেন।
কলেজের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান সাইয়েদুর রহমান বলেন, এত সংকটের মধ্যে কলেজটি শিক্ষার মান ধরে রেখেছে। এবার এই কলেজের ১১৫ জন শিক্ষার্থী মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন। অবকাঠামো উন্নত করলে শিক্ষার্থীরা আরও ভালো করবেন।
অধ্যক্ষ কালাচাঁদ শীল বলেন, চাহিদার এক–চতুর্থাংশ শ্রেণিকক্ষ রয়েছে। ১০ তলা ভবন নির্মাণের জন্য তিন বছর আগে মাটি পরীক্ষা করা হয়েছে। নিয়মিত শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করছেন। বিজ্ঞান শিক্ষার প্রকল্প পরিচালকের সঙ্গেও যোগাযোগ রাখছেন।