
সরকারের কঠোর বিধিনিষেধে গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। এ কারণে ঢাকা থেকে যাত্রী নিয়ে কিছু দূরপাল্লার বাস মির্জাপুরের গোড়াই থেকে টাঙ্গাইলের দিকে না গিয়ে সখীপুর হয়ে ঘাটাইল-কালিহাতী দিয়ে বঙ্গবন্ধু সেতু পার হয়ে উত্তরবঙ্গে চলাচল করছে। খবর পেয়ে আজ শুক্রবার বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত সখীপুর মোখতার ফোয়ারা চত্বরে অবস্থান নেন।
পুলিশ মোখতার ফোয়ারা চত্বর এলাকায় বাস থামিয়ে চালককে আদালতে হাজির করেন। এ সময় আদালত ১০টি মামলায় ২১ হাজার ৮০০ টাকা জরিমানা করেন। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা প্রথম আলোকে বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কঠোর বিধিনিষেধ চলমান। এতে গণপরিবহন চলাচলে সরকার নিষেধাজ্ঞা জারি করেছে। খবর পাই, ঢাকা থেকে যাত্রী নিয়ে কিছু গণপরিবহন মির্জাপুর, টাঙ্গাইলকে এড়িয়ে সখীপুর হয়ে বঙ্গবন্ধু সেতু পার হয়ে চলাচল করছিল। পরে গণপরিবহন থামিয়ে চালককে জরিমানা করা হয়। এ ছাড়া কিছু যাত্রী মাস্ক না পরায় তাঁদেরও জরিমানা করা হয়।’
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে সাইদুল হক ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুর ও টাঙ্গাইলে পুলিশ বাধা দেওয়ায় বাসচালকেরা বিকল্প সড়কে ভেতর দিয়ে ছোট রাস্তায় ঢুকে সখীপুর হয়ে বঙ্গবন্ধু সেতু পার হচ্ছিল। খবর পেয়ে মোখতার ফোয়ারা এলাকায় টহলরত সখীপুর থানা-পুলিশ কিছু গণপরিবহনকে উল্টো পথে ফেরত পাঠায়। এ ছাড়া যাত্রী নিয়ে চলাচল করার দায়ে ভ্রাম্যমাণ আদালত কয়েকজন চালককেও জরিমানা করেন।