গরুর দেহে রাসায়নিক দ্রব্য ব্যবহার বন্ধ করতে নীলফামারীতে সচেতনতামূলক সভা হয়েছে। পৌরসভার আয়োজনে গতকাল বুধবার দুপুর ১২টার দিকে পৌরসভার সম্মেলনকক্ষে এ সভা হয়। সভায় বক্তব্য দেন পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ। পৌর মেয়র বলেন, গরু মোটা-তাজা করে মাংস বাড়াতে রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হচ্ছে। এসব গরুর মাংস খাওয়ার পর তা মানুষের শরীরে যাচ্ছে। এতে মানুষের ক্যানসার ও কিডনি রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। এ সময় তিনি গরুর শরীরে রাসায়নিক দ্রব্য ব্যবহার বন্ধ করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। জনস্বাস্থ্য রক্ষায় নির্দিষ্ট স্থানে পশু জবাইয়ের বিষয়ে আলোচনাও হয় ওই সভায়।