
বাংলাদেশ নৌবাহিনীর জন্য তিনটি ল্যান্ডিং ক্র্যাফট ট্যাংক (এলসিটি) নির্মাণ করবে খুলনা শিপইয়ার্ড লিমিটেড। আজ বুধবার দুপুরে শিপইয়ার্ড চত্বরে নৌযানগুলোর নির্মাণকাজ শুরুর উদ্বোধন হয়। শিপইয়ার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, নির্মাণকাজ শেষে এগুলো হবে দেশের সবচেয়ে বড় ল্যান্ডিং ক্র্যাফট ট্যাংক।
খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমোডর এম সামছুল আজীজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি বলেন, এটিই নৌবাহিনীর জন্য খুলনা শিপইয়ার্ডের প্রথমবারের মতো জাহাজ নির্মাণ নয়। আগেও নৌবাহিনীর জন্য পাঁচটি প্যাট্রল ক্র্যাফট, দুটি লার্জ প্যাট্রল ক্র্যাফট, দুটি টাগবোট ও ছয়টি ল্যান্ডিং ক্র্যাফট ইউটিলিটি নির্মাণ করে হস্তান্তর করেছে শিপইয়ার্ড কর্তৃপক্ষ।
ল্যান্ডিং ক্র্যাফট ট্যাংকগুলো সম্পর্কে অনুষ্ঠানে জানানো হয়, একেকটি এলসিটির দৈর্ঘ্য হবে ৭০ মিটার। সেগুলো হবে সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ। জাহাজ তিনটির আন্তর্জাতিক সমুদ্রসীমা ও দেশের অভ্যন্তরীণ নদীগুলোতে কার্যক্রম চালানোর সক্ষমতা থাকবে। প্রতিটি জাহাজে একই সঙ্গে ছয়টি মাঝারি মানের ট্যাংক পরিবহন করা যাবে। এলসিটিগুলোর প্রাথমিক কাজ হবে যুদ্ধকালীন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের উভচর অভিযান পরিচালনা এবং ট্যাংক, এপিসিসহ সাপোর্ট ইউনিট ও ল্যান্ডিং ফোর্স পরিবহন করা। তা ছাড়া শান্তিকালীন এলসিটির কাজ হবে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় মানবিক সহায়তা প্রদান এবং ত্রাণসামগ্রী ও কর্মী পরিবহন করা। জাহাজ তিনটি আন্তর্জাতিক ক্ল্যাসিফিকেশন সোসাইটি লয়েডস রেজিস্ট্রারের নীতিমালা অনুসরণ করে নির্মিত হবে।