
পটুয়াখালীর উপকূলীয় এলাকায় এমনিতেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস বলেছে ৭২ ঘণ্টার মধ্যে ভারী বৃষ্টি শুরু হবে। এমন অবস্থায় বোরো ধান ৮০ শতাংশ পাকলেই তা কাটার আহ্বান জানিয়েছে কৃষি বিভাগ।
ধান কাটার বিষয়ে উপজেলাগুলোতেও জনপ্রতিনিধি ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে প্রচারণা চালাচ্ছে কৃষি বিভাগ। ধান ছাড়াও মুগডাল তোলার পরামর্শও দেওয়া হচ্ছে।
পটুয়াখালী আবহাওয়া অফিস জানায়, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপ আরও ঘনীভূত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ উপকূলে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আজ শনিবার বেলা ১টা ২৮ মিনিট থেকে ২টা ৪০ মিনিট পর্যন্ত ৪৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে।
আজ সকালে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বহালগাছিয়া গ্রামে গিয়ে দেখা যায়, কম্বাইন হারভেস্টার যন্ত্র দিয়ে খেতের বোরো ধান কাটা হচ্ছে। আবার অনেক কৃষক হাতে ধান কেটে তা সড়কের পাশেই মাড়াই করে বস্তায় ভরে ঘরে নিয়ে যাচ্ছেন।
বহালগাছিয়া গ্রামের কৃষক রহিম খাঁ বলেন, তিনি এ বছর ১৬ একর জমিতে বোরোর আবাদ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। আরও কয়েক দিন পর ধান ভালো করে পাকবে। তবে বন্যার আভাস পেয়ে ধান কাটা শুরু করেছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পটুয়াখালী কার্যালয় থেকে জানা গেছে, জেলায় এই মৌসুমে ১৬ হাজার ৯৭০ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৭ হাজার ৭৫ মেট্রিক টন। আর মুগডাল আবাদ হয়েছে ৮৬ হাজার ৪৩১ হেক্টরে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ১ লাখ ৩৮ হাজার ৩৮ মেট্রিক টন।
অধিদপ্তরের পটুয়াখালী কার্যালয়ের উপপরিচালক কে এম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, আজ পর্যন্ত ২০ ভাগ ধান কাটা হয়েছে বলে জানতে পেরেছেন। দ্রুত ধান কাটার জন্য ভর্তুকি হিসেবে জেলায় ৫৭টি কম্বাইন হারভেস্টার আছে। এ ছাড়া মুগডাল ঘরে তোলা হয়েছে ৫০ ভাগ। বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না এলে কৃষকেরা তাঁদের ফসল গোলায় তুলতে পারবেন।