
সাতক্ষীরার আশাশুনিতে প্রবল জোয়ারের চাপে খোলপেটুয়া নদীর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে উপজেলার প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নের চারটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে আনুমানিক তিন হাজার বিঘা মৎস্যঘের।
শুক্রবার মধ্য রাতে প্রতাপনগর ইউনিয়নের কোলা গ্রাম এলাকায় খোলপেটুয়া নদীর প্রায় ১২০ ফুট বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়। এতে ইউনিয়নের কোলা ও হিজলিয়া এবং শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা ও হাজরাখালী গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়।
কোলা গ্রামের বাসিন্দা মরিমল সানা ও দুলাল সানা বলেন, বাঁধটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। হঠাৎ শুক্রবার মধ্য রাতে জোয়ারে পাউবোর ১২০ ফুট বাঁধ ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে যায়। এতে আশপাশের চারটি গ্রামের প্রায় তিন হাজার বিঘা মৎস্য ঘের পানিতে তলিয়ে গেছে। তাঁরা আরও বলেন, বেড়িবাঁধটি দ্রুত সংস্কার করা না গেলে পরবর্তী জোয়ারে নতুন নতুন এলাকা প্লাবিত হতে পারে।
প্রতাপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেন ও শ্রীউলা ইউপির চেয়ারম্যান আবু হেনা শাকিল বলেন, বেড়িবাঁধ ভেঙে প্রতাপনগর ইউনিয়নের কোলা ও হিজলিয়া এবং শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা ও হাজরাখালী গ্রাম প্লাবিত হয়েছে। তাঁদের নেতৃত্বে স্থানীয় লোকজন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বেড়িবাঁধটি সংস্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে অবগত করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী নাহিদুল ইসলাম বলেন, খোলপেটুয়া নদীর কোলা পয়েন্টে বেড়িবাঁধ সংস্কারের কাজ চলছিল। এরই মধ্যে শুক্রবার মধ্যরাতে বেড়িবাঁধটি ভেঙে যায়। আপাতত ব্যবস্থা হিসেবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বেড়িবাঁধটি সংস্কার করে লোকালয় রক্ষার কাজ চলছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কাজ চলছে।