সাভারে ২০০ টাকার জন্য বন্ধুকে হত্যা

হত্যা
প্রতীকী ছবি

একই সঙ্গে চলাফেরা করতেন দুই বন্ধু। মাদক কেনার জন্য ২০০ টাকা ধার নেন এক বন্ধু। সেই পাওনা টাকা চাওয়ায় দুই বন্ধুর মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ধারালো ছোরা দিয়ে গলায় আঘাত করে বন্ধুকে হত্যা করেন অপর বন্ধু। গতকাল শনিবার রাতে ঢাকার সাভারের আনন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম রাজিব শেখ (২৪)। তিনি পেশায় বাসচালক। রাজিব মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার মুন্সীকান্দি গ্রামের আনিস শেখের ছেলে। সাভারের আনন্দপুর এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন।

হত্যাকাণ্ডের ঘটনায় নাজিম মণ্ডল (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নাজিম রাজবাড়ী সদর উপজেলার পাকুরিয়া গ্রামের কাদের মণ্ডলের ছেলে। তিনি সাভারে একটি প্রতিষ্ঠানের রিকশাভ্যান চালান।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, সাভারের আনন্দপুর এলাকায় একই ভাড়া বাসার দুটি ঘরে রাজিব ও নাজিম পরিবার নিয়ে থাকেন। তাঁরা দুজনই মাদকাসক্ত ছিলেন।

সম্প্রতি মাদক কেনার জন্য নাজিমের কাছে থেকে ২০০ টাকা ধার নেন রাজিব। গতকাল রাত ১১টার দিকে বাসা থেকে রাজিবকে মুঠোফোনে ডেকে নেন নাজিম। এরপর বাসার পাশে তাঁদের মধ্যে পাওনা টাকা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে নাজিম কাছে থাকা ছোরা দিয়ে রাজিবের গলায় আঘাত করে পালিয়ে যান।

খবর পেয়ে রাত ১২টার দিকে ঘটনাস্থল থকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য লাশ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আজ রোববার সকালে নিহত রাজিবের বাবা আনিস শেখ বাদী হয়ে নাজিম মণ্ডলকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। এর আগে রাতেই সাভার থেকে হত্যার অভিযোগে নাজিমকে আটক করে পুলিশ।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ নাজিমকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।