সাভার স্মৃতিসৌধে নিরাপত্তা জোরদার

সাভারের জাতীয় স্মৃতিসৌধ
ফাইল ছবি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ইতিমধ্যে স্মৃতিসৌধ এলাকায় জনসাধারণের প্রবেশ নিষিদ্ধসহ আশপাশের এলাকার বাসিন্দাদের কাল শুক্রবারের মধ্যে নাগরিক পরিচিতি ফরমের মাধ্যমে তথ্য দিতে বলেছে পুলিশ।

জাতীয় স্মৃতিসৌধের কর্মকর্তারা জানান, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতিসহ দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। তাঁদের শ্রদ্ধা নিবেদনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্মৃতিসৌধ এলাকার নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে। ইতিমধ্যে সৌধ এলাকায় অপরিচিত ব্যক্তিদের প্রবেশাধিকার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া জাতীয় স্মৃতিসৌধের আশপাশের এলাকার বাসিন্দাদের তথ্য চেয়ে ও সতর্ক করে লিফলেট বিতরণসহ মাইকিং করা হয়েছে।

নিরাপত্তার স্বার্থে গণমাধ্যমকর্মীদেরও আপাতত প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।

গণপূর্ত অধিদপ্তর সাভার ডিভিশনের উপসহকারী প্রকৌশলী ও সাভার জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, স্মৃতিসৌধে ১৬ মার্চ থেকে জনসাধারণের প্রবেশাধিকার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ২২ মার্চ স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সভার পর থেকে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তাঁরা এসএসএফের নির্দেশনা অনুসারে কাজ করে যাচ্ছেন।

মিজানুর রহমান আরও বলেন, নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং দিবসটি উদ্‌যাপন উপলক্ষে সরাসরি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বাইরে স্মৃতিসৌধে সবার প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এমনকি নিরাপত্তার স্বার্থে গণমাধ্যমকর্মীদের আপাতত প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।

জাতীয় স্মৃতিসৌধের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, জাতীয় স্মৃতিসৌধের নিরাপত্তা জোরদারের জন্য সৌধ এলাকার আশপাশের সবাইকে কাল শুক্রবারের মধ্যে বিট পুলিশের নাগরিক পরিচিতি ফরম পূরণ করে এক কপি পাসপোর্ট সাইজের ছবিসহ সংশ্লিষ্ট থানায় জমা দিতে বলা হয়েছে। সবাইকে ২৬ মার্চের আগে আত্মীয়স্বজন বা নতুন কাউকে বাসায় আনতে নিষেধ করা হয়েছে। স্বজনদের কেউ এলে দ্রুত পুলিশকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।