সিংড়ায় ভুয়া পৌর মেয়র আটক, পুলিশে সোপর্দ

গ্রেপ্তার
প্রতীকী ছবি

নাটোরের সিংড়ায় মোস্তফা মণ্ডল (৫০) নামের এক ভুয়া পৌর মেয়রকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান। আজ মঙ্গলবার দুপুর ১২টায় তাঁকে উপজেলা ভূমি অফিসে থেকে আটক করা হয়।

আটক মোস্তফা মণ্ডল উপজেলার বারইহাটি গ্রামের মৃত জব্বার মণ্ডলের ছেলে। তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সিংড়া থানা–পুলিশ।

পুলিশ ও ভূমি অফিস সূত্রে জানা যায়, মোস্তফা মণ্ডল বিভিন্ন সময় মুঠোফোনে নিজেকে সিংড়া পৌরসভার মেয়র পরিচয় দিয়ে সিংড়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আমিনুল ইসলামকে অবৈধভাবে ডিসিআর স্বাক্ষর ও পুলিশ পাঠিয়ে পুকুর দখল করে দেওয়ার হুকুম করতেন। তাঁর কথামতো কাজ করতে না চাইলে তিনি মুঠোফোনে হুমকি দিতেন।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে মোস্তফা মণ্ডল গত বছরের ৭ এপ্রিলে তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসানের স্বাক্ষর স্ক্যান করা নকল একটি ডিসিআর নিয়ে উপজেলা ভূমি অফিসে আসেন। এ সময় তিনি বর্তমান সহকারী কমিশনারকে বারইহাটি মৌজায় ৫১ শতক পুকুর তাঁকে দখল করে দেওয়ার কথা বলেন। ডিসিআর দেখে সহকারী কমিশনারের সন্দেহ হলে তিনি কাগজপত্র দেখে নিশ্চিত হন, ডিসিআরটি ভুয়া। তখন তাঁকে আটক করে পুলিশকে খবর পাঠানো হয়। পুলিশ এলে তাঁকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। পরে তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

মো. আল ইমরান বলেন, ভুয়া মেয়র পরিচয় দিয়ে প্রতারণা ও নকল ডিসিআর তৈরি করার অপরাধে মোস্তফা মণ্ডলকে থানায় সোপর্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর-এ-আলম সিদ্দিকী বলেন, সহকারী কমিশনার একজন ব্যক্তিকে থানায় সোপর্দ করেছেন। বর্তমানে তিনি থানায় পুলিশি হেফাজতে আছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।