সিদ্ধিরগঞ্জে সংঘর্ষের ঘটনায় তিন শতাধিক জনকে আসামি করে মামলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশ-র‍্যাবের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে আদমজী বিহারি ক্যাম্পের বাসিন্দারা
ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশ ও বিহারি ক্যাম্পের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিহারি ক্যাম্পের তিন শতাধিক বাসিন্দার বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তন্ময় মণ্ডল বাদী হয়ে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, ইটপাটকেল নিক্ষেপ করে গুরুতর জখম করার অভিযোগে থানায় মামলাটি করেন।

এদিকে সংঘর্ষের ঘটনার পর থেকে বিহারি ক্যাম্পের বাসিন্দাদের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রেপ্তার এড়াতে অনেক পুরুষ ক্যাম্প ছেড়ে অন্য স্থানে ঠাঁই নিয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান প্রথম আলোকে বলেন, পুলিশ বাদী হয়ে ৪৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করে মামলা করেছে।

গত শুক্রবার মসজিদে পুলিশের ওপর হামলার ঘটনার মামলায় সোমবার ভোর পর্যন্ত বিহারি ক্যাম্পের ভেতরে অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের ছেড়ে দেওয়ার দাবিতে সোমবার সকাল আটটার দিকে বিহারি ক্যাম্পের কয়েক শ নারী-পুরুষ সিদ্ধিরগঞ্জ থানার সামনে বিক্ষোভ শুরু করেন। এ সময় পুলিশের সঙ্গে বিহারি ক্যাম্পের বাসিন্দাদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের সাড়ে তিন শতাধিক গুলি ও কাঁদানে গ্যাসের অর্ধশতাধিক শেল নিক্ষেপ করে।

ক্যাম্পের বাসিন্দা আহম্মদ আলী বলেন, সোমবার রাতে পুলিশ আসামি গ্রেপ্তার করতে গিয়ে বাড়িঘরে নারী-পুরুষদের মারধর করেছে। নিরীহ অনেক লোকজনকে আটক করে নিয়ে গেছে। ওই ঘটনার পর থেকে ক্যাম্প এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

অপর বাসিন্দা মরিয়ম আক্তার বলেন, সংঘর্ষের পর থেকে বাড়িতে কোনো পুরুষ মানুষ থাকছেন না। অনেকে হয়রানির আশঙ্কায় অন্য স্থানে আশ্রয় নিয়েছেন। ওই ঘটনার পর থেকে অনেকেই রাতে বাড়িতে ঘুমান না। গাড়ির শব্দ শুনলেই মনে হয় পুলিশে এসেছে।

বিহারি ক্যাম্পের চেয়ারম্যান লিয়াকত হোসেন প্রথম আলোকে বলেন, কলোনিতে ২ হাজার ৩০০ পরিবারে ১০ হাজার বাসিন্দা আছেন। মামলা হওয়ায় বাসিন্দারা গ্রেপ্তার আতঙ্কে আছেন। নিরীহ মানুষকে হয়রানি না করার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা এই ঘটনার একটি সুষ্ঠু সমাধান চাই। তাহলে সবাই স্বাভাবিক জীবনযাপন করতে পারতেন। এ বিষয়ে জনপ্রতিনিধিসহ সবার সহযোগিতা প্রয়োজন।’

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমির খসরু প্রথম আলোকে বলেন, পুলিশ নিরপরাধ কাউকে গ্রেপ্তার করেনি। ভিডিও ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত নন বা নিরীহ কাউকে হয়রানি বা গ্রেপ্তার করা হবে না। তিনি বিহারি ক্যাম্পের বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।

ভারতে মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির বিষয়ে বিশৃঙ্খলা না করার জন্য মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়ে গত শুক্রবার সিদ্ধিরগঞ্জে আদমজী জামে মসজিদের ভেতর জুমার নামাজের সময় সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক(এসআই) আজিজুল হক বক্তৃতা করেন।

সেখানে মুসল্লিদের উদ্দেশে আজিজুল হক বলেছিলেন, ‘ভারতের বিষয় ভারতে থাক, ভারতের বিষয় এখানে আমরা না আনি, কেউ বিশৃঙ্খলা না করি—বিষয়টি ধর্ম মন্ত্রণালয় দেখছে।’ তাঁর বক্তব্যকে কেন্দ্র করে মুসল্লিদের হামলায় আজিজুল হকসহ বেশ কয়েকজন আহত হন। পরে তাঁকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৫০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১২০–১২৫ জনকে আসামি করে মামলা করে।