সিরাজগঞ্জে কলেজছাত্রীসহ দুজনের লাশ উদ্ধার

লাশ উদ্ধার
প্রতীকী ছবি

সিরাজগঞ্জে এক কলেজছাত্রীসহ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রায়গঞ্জ ও তাড়াশ উপজেলা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকালে রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের শালিয়াগাড়ি বাজার এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বেলা ১১টার দিকে প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে।

অপর দিকে গতকাল বুধবার দুপুরে তাড়াশ উপজেলা সদরের উলিপুর এলাকার একটি বাড়ির বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ছাত্রী স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণিতে পড়ত।

তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম বেলা সাড়ে ১১টার দিকে প্রথম আলোকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।