
সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি কমে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৩৫ সেন্টিমিটার পানি কমে এখন বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ শনিবার সকালে সিরাজগঞ্জ হার্ডপয়েন্ট এলাকায় যমুনা নদীর পানি রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৩০ মিটার, যা বিপৎসীমার পাঁচ সেন্টিমিটার কম (বিপৎসীমা ১৩ দশমিক ৩৫ মিটার)।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় সূত্রে জানা গেছে, জুন মাসের প্রথম সপ্তাহ থেকে যমুনায় পানি বাড়তে থাকে। ১৮ জুন যমুনা নদীর পানি এই পয়েন্টটিতে বিপৎসীমা অতিক্রম করে। এরপর একে একে পানি বেড়ে ৫৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে। তবে গত তিন দিন ধরে পানি কমতে শুরু করেছে।
পাউবো সিরাজগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, যমুনায় পানি কমতে শুরু করেছে। ইতিমধ্যে বিপৎসীমার নিচে নেমে গেছে। অভ্যন্তরীণ নদ-নদীর পানিও কমছে। আগামী এক সপ্তাহে পানি বাড়ার কোনো সম্ভাবনা নেই।