সিলেটে করোনায় মৃত্যুহীন দিনে নতুন শনাক্ত ৯৭

করোনাভাইরাস
 প্রতীকী ছবি

সিলেট বিভাগে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে নতুন করে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ৯৭ জনের।

একই দিনে বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫০ জন। সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনায় সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় নতুন কারও মৃত্যু না হলেও গত ১৮ দিনে জেলায় করোনায় সংক্রমিত হয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে। বিভাগে মোট মৃতের সংখ্যা ৩৮১।

এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩০৬ জন। আর নতুন আক্রান্ত ব্যক্তিরাসহ বিভাগে মোট করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার সংখ্যা ২১ হাজার ৬৭৬।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিভাগে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৯৭ জনের মধ্যে ৭৭ জন সিলেট জেলার বাসিন্দা। ২ জন সুনামগঞ্জের, হবিগঞ্জে ১২ এবং ৬ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা।

বিভাগের মধ্যে সিলেট জেলায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ১৩ হাজার ৭০ জনের, সুনামগঞ্জে ২ হাজার ৭৬৭, হবিগঞ্জে ২ হাজার ৪৪৬ ও মৌলভীবাজারে ২ হাজার ৩৯৩ জনের।

নতুন সুস্থ হওয়া ৫০ জনের মধ্যে ৪০ জন সিলেট ও ১০ জন মৌলভীবাজারের বাসিন্দা। আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত বিভাগে মোট সুস্থ হয়েছেন ২০ হাজার ৪৯৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৩ হাজার ৫৮৩, সুনামগঞ্জে ২ হাজার ৬৯৪, হবিগঞ্জে ১ হাজার ৯৫৫ ও মৌলভীবাজারে ২ হাজার ২৬৬ জন।

এদিকে আজ সকাল আটটা পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালের আইসোলেশন সেন্টারে করোনায় আক্রান্ত ১৯৫ জন চিকিৎসাধীন থাকার খবর পাওয়া যায়।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম বলেন, সংক্রমণ শনাক্তের হার বাড়ছে। এ জন্য সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণ এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি।