
সিলেটে সর্বাত্মক লকডাউনের এক সপ্তাহে ৩৫০টি যানবাহনের বিরুদ্ধে মামলা হয়েছে। সে সঙ্গে জব্দ করা হয়েছে ৪২০টি যানবাহন। লকডাউন বাস্তবায়নে সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ ও থানা–পুলিশের যৌথ অভিযানে এসব যানবাহনের বিরুদ্ধে মামলা হয়। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্যাহ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সিলেট মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, করোনার সংক্রমণ বৃদ্ধির পর ৫ এপ্রিল থেকে সারা দেশে লকডাউন শুরু হয়। পরবর্তীকালে ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়। সিলেট মহানগর পুলিশ লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থান নেয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়ে আসছে। এর মাধ্যমে ১৪ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহে কোতোয়ালি থানা এলাকায় ১৮৭ জনের বিরুদ্ধে মামলা করে ১ লাখ ৪৫ হাজার টাকা, দক্ষিণ সুরমা থানা এলাকায় ১১টি মামলায় ৮ হাজার টাকা, শাহপরাণ থানা এলাকায় ২ হাজার ৬০০ টাকা, মোগলাবাজার থানায় সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার বি এম আশরাফ উল্যাহ বলেন, লকডাউন কার্যকর করতে পুলিশ তৎপর রয়েছে। লকডাউনে সিলেট মহানগর এলাকায় নির্দেশনা অমান্য করায় ও যানবাহনের নির্দিষ্ট কাগজপত্র না থাকায় ৩৫০টি যানবাহের বিরুদ্ধে মামলা এবং ৪২০টি যানবাহন রেকার করা হয়েছে। এসব যানবাহনের মধ্যে মোটরসাইকেল, প্রাইভেট কার, সিএনজিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহন রয়েছে।