সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছে জেলা বিএনপি। আজ শনিবার বিকেলে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান দলটির নেতারা।
জেলা বিএনপির নেতারা সংবাদ সম্মেলনে বলেন, মানুষ চাহিদা অনুযায়ী ত্রাণ পাচ্ছে না। মানুষ খাবার, বিশুদ্ধ পানির সংকটে আছে। বাড়িঘর নষ্ট হয়েছে। অনেকে নিঃস্ব হয়েছেন। সর্বত্র হাহাকার চলছে। কিন্তু সরকার নির্বিকার। লোকদেখানো কিছু উদ্যোগ ছাড়া আর কিছুই করছে না। মানুষ এখন চরম খাদ্যসংকটে আছে। তাই অবিলম্বে সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণা করতে হবে।
পৌর শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। তিনি বলেন, শুরু থেকেই বন্যার্ত মানুষের পাশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আছেন, বরং আওয়ামী লীগ নেই। জেলা প্রশাসক আওয়ামী লীগের পক্ষে সাফাই গাইছেন।
বিএনপি নেতারা বলেন, আশ্রয়কেন্দ্রে মানুষ খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। মানুষ বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পাচ্ছে না। ব্যবসায়ীরা দ্বিগুণ, তিন গুণ দামে পণ্য বিক্রি করছেন। প্রশাসনের বাজার তদারকি নেই।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি মল্লিক মঈন উদ্দিন সোহেল, নাদির আহমদ, শেরেনূর আলী, সেলিম আহমদ ও আবুল কালাম, জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মো. শওকত, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মুনাজ্জির হোসেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।