
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় অবস্থিত সুরেশ্বর দরবার শরিফের প্রতিরক্ষা বাঁধের আরও ছয় মিটার অংশ ধসে গেছে। এর আগে ওই বাঁধের ৫৫ মিটার অংশ পদ্মায় বিলীন হয়েছে। বাঁধের আরও ২৩৯ মিটার অংশ নদীর তলদেশ থেকে সিসি ব্লক ও জিও ব্যাগ সরে যাওয়ায় ভাঙনের ঝুঁকিতে পড়েছে।
স্থানীয় সূত্র জানায়, পদ্মায় ভাঙন অব্যাহত থাকায় দরবার শরিফের মাজারসহ ৫০টি পাকা স্থাপনা হুমকির মুখে পড়েছে। ভাঙন রোধে বালুভর্তি জিও ব্যাগ ও জিও টিউব ফেলছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। গত রোববার থেকে পদ্মায় নতুন করে পানি বাড়তে থাকে। পানি ও স্রোতের চাপে গতকাল মঙ্গলবার বাঁধের আরও ছয় মিটার অংশ ধসে গেছে। আজ বুধবার নড়িয়ার সুরেশ্বর পয়েন্টে পদ্মা নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এতে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙন।
পাউবোর শরীয়তপুর কার্যালয় সূত্র জানায়, ২০১২ সালে পদ্মার ভাঙনের কবলে পড়লে পাউবো ২৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয় করে দরবার শরিফ এলাকার ৮৫০ মিটার অংশে প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা হয়। গত বছর ওই প্রতিরক্ষা বাঁধের পূর্ব প্রান্তে ৫০ মিটার অংশ নদীতে বিলীন হয়ে গেছে। এ বছর পদ্মা নদীতে পানি ও স্রোত বাড়ার কারণে ওই বাঁধে ভাঙন দেখা দেয়। গত জুলাইয়ে বাঁধের ৫৫ মিটার অংশ নদীতে বিলীন হয়ে যায়। ২৪ জুলাই থেকে ওই স্থানে পাউবো বালুভর্তি জিও ব্যাগ ফেলছে। আজ পর্যন্ত ওই স্থানে ১ লাখ ৮ হাজার ৫০০ জিও ব্যাগ ফেলা হয়েছে। ওই এলাকায় নদীর গভীরতা ৩৫ মিটার থেকে ৬৪ মিটার পর্যন্ত। ভাঙন নিয়ন্ত্রণে আনতে পাউবো জিও ব্যাগের পাশাপাশি বালুভর্তি জিও টিউব ফেলছে। ইতিমধ্যে বাঁধের তিনটি স্থানে ৫৩৮টি জিও টিউব ফেলা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পাউবোর এক প্রকৌশলী প্রথম আলোকে বলেন, ওই স্থানের যা গভীরতা ও স্রোত, তাতে বাঁধ টিকিয়ে রাখা মুশকিল হবে। সেখানে ৩০০ মিটার অংশের মধ্যে একসময় খাল ছিল, যা ভরাট করে সড়ক, নালা ও স্থাপনা নির্মাণ করা হয়েছে।
সুরেশ্বর দরবার শরিফের মোতোয়ালি শাহনুরে কামাল বলেন, ‘জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে দরবার শরিফের পূর্ব দিক দিয়ে বাঁধের অংশ বিলীন হতে থাকে। নতুন করে আবার নদীতে পানি বেড়ে যাওয়ায় স্রোতের তীব্রতায় চাপ বেড়েছে। দরবার শরিফের কাছের আরও ছয় মিটার অংশ ধসে পড়ায় আমরা খুব ভয়ের মধ্যে আছি।’
পাউবোর শরীয়তপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব প্রথম আলোকে বলেন, পদ্মা নদীর পানি নতুন করে বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরেশ্বর দরবার শরিফ প্রতিরক্ষা বাঁধের ধসে যাওয়া অংশে বালুভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। এমন পরিস্থিতিতে আরও ছয় মিটার অংশ ধসে গেছে। এতে তারা চিন্তিত। বাঁধটি পুরোনো ও ঝুঁকিপূর্ণ হওয়ায়, তা সংস্কার করে শক্তিশালী করার জন্য ৪৮ কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। সেটি অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে রয়েছে।