স্বামীর দ্বিতীয় বিয়ের খবর শুনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা

ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে স্বামীর দ্বিতীয় বিয়ের খবর শুনে এক গৃহবধূ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। আজ শনিবার সকালে বঙ্গবন্ধু সেতু রেল সংযোগ সড়কে মির্জাপুর উপজেলার ধেরুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ওই গৃহবধূর নাম খালেদা আক্তার (৩২)। তিনি মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের রশিদ দেওহাটা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী। তাঁদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

এলাকাবাসী সূত্র জানায়, প্রায় ১৪ বছর আগে রশিদ দেওহাটা গ্রামে বিয়ে করেন আনোয়ার হোসেন। প্রায় দুই বছর আগে পাশের মীর দেওহাটা গ্রামের এক নারীকে গোপনে দ্বিতীয় বিয়ে করেন তিনি। এক সপ্তাহ আগে তাঁর প্রথম স্ত্রী খালেদা বিষয়টি জানতে পারেন। এ নিয়ে তাঁদের সঙ্গে পারিবারিক কলহ শুরু হয়। আজ সকালে তাঁদের সঙ্গে ঝগড়াও হয়। একপর্যায়ে খালেদা আক্তার বাড়ি থেকে বের হয়ে আসেন। সকাল সাড়ে ১০টার দিকে খালেদা পাশের ধেরুয়া রেল সেতু এলাকায় ঈশ্বরদী থেকে ঢাকাগামী ঢাকা কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

স্থানীয় গোড়াই ইউনিয়ন পরিষদের সদস্য মো. কামরুজ্জামান বলেন, দ্বিতীয় বিয়ে নিয়ে স্বামী আনোয়ার হোসেনের সঙ্গে খালেদার মনোমালিন্য চলছিল। ওই ঘটনার জেরে স্বামীর সঙ্গে অভিমান করে খালেদা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
মির্জাপুর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. কামরুল হাসান জানান, ওই নারীর মৃত্যুর বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।