হবিগঞ্জে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

হবিগঞ্জের ধুলিয়াখা এলাকায় একটি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এর মধ্যে একজন শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ বুধবার বিকেল পাঁচটার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন চুনারুঘাট উপজেলার শানখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া আক্তার (৪৫) এবং হবিগঞ্জ সদর উপজেলার শরীফপুর গ্রামের ইদ্রিছ আলীর ছেলে সাইফুল ইসলাম (২৮)। এ দুর্ঘটনায় আহত তিনজনের নাম জানা যায়নি। তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শায়েস্তাগঞ্জ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা হবিগঞ্জে যাচ্ছিল। বিকেল পাঁচটার দিকে অটোরিকশাটি সড়কের ধুলিয়াখাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

নিহত ব্যক্তিরা হলেন চুনারুঘাট উপজেলার শানখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া আক্তার (৪৫) এবং হবিগঞ্জ সদর উপজেলার শরীফপুর গ্রামের সাইফুল ইসলাম (২৮)।

ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী শিক্ষক রোকেয়া আক্তার মারা যান। এ সময় গুরুতর আহত হন অটোরিকশাটিতে থাকা আরও চারজন। তাঁদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা একজনকে (সাইফুল ইসলাম) মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজনকে উন্নত চিকিৎসার জন্য পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তিদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ দুটি হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বাসটি আটক করেছে।