হাওর থেকে ধান ব্যবসায়ীর বস্তাবন্দী লাশ উদ্ধার, আটক ২

লাশ
প্রতীকী ছবি

নেত্রকোনার খালিয়াজুরির একটি হাওর থেকে বস্তাবন্দী অবস্থায় এক ধান ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় লেপশিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। শুক্রবার ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদে দুজনকে আটক করা হয়েছে।

নিহত ওই ব্যবসায়ীর নাম আবদুল মজিদ (৫০)। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের দারিয়াপুর গ্রামের মৃত আবদুল হেকিমের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আবদুল মজিদ ব্যবসায়িক উদ্দেশ্যে খালিয়াজুরির চাকুয়া ইউনিয়নের লেপশিয়া বাজারে আসা-যাওয়া করতেন। গত সোমবার সকালে তিনি নিজ বাড়ি থেকে ৩ লাখ ৬০ হাজার টাকা নিয়ে লেপশিয়া এলাকায় যান। এরপর সেখান থেকে তিনি নিখোঁজ হন।

বৃহস্পতিবার বিকেলে জেলেরা মাছ ধরতে গিয়ে লেপশিয়া এলাকাসংলগ্ন হাওরে বস্তাবন্দী অবস্থায় একটি লাশ ভাসতে দেখেন। পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে লেপশিয়া তদন্ত কেন্দ্র থেকে পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান শুক্রবার বিকেলে বলেন, প্রাথমিক অনুসন্ধানে মনে হচ্ছে, টাকা আত্মসাতের উদ্দেশ্যে একটি চক্র ধান ব্যবসায়ীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাদল ও পাভেল নামের তাঁর দুই ব্যবসায়িক অংশীদারকে আটক করা হয়েছে। তাঁদের বাড়ি লেপশিয়া এলাকায়। ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।