নিমগাছি হাট সড়কের এক কিলোমিটার বেহাল। বৃষ্টি হলেই খানাখন্দে ভরা সড়কে কাদাপানিতে ভরে ওঠে। চার-পাঁচ দিন লাগে কাদাপানি শুকাতে।

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নিমগাছি হাটের উত্তর অংশের প্রবেশমুখে এক কিলোমিটার সড়ক বেহাল। এ অবস্থা এখনো কাটেনি। এতে হাজারো মানুষের ভোগান্তিও দূর হয়নি। গত বছরের ১৭ আগস্ট এ বিষয়ে প্রথম আলোয় ‘নিমগাছি হাট সড়কের এক কিলোমিটারে ভোগান্তি’ শীর্ষক সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এরপর অনেক চেষ্টা-তদবির করে সড়কটির এ অংশের মেরামতকাজ শুরু হয়েছিল। কিন্তু অজানা কারণে ঠিকাদার রাস্তা খুঁড়ে রেখে লাপাত্তা। ফলে বৃষ্টি হলেই খানাখন্দে ভরা সড়কের এ অংশটুকু কাদাপানিতে ভরে ওঠে। রোদ উঠলেও চার-পাঁচ দিন লাগে কাদাপানি শুকাতে।
এ সড়কে প্রতিদিন উপজেলার সোনাখাড়া ও ধামাইনগর ইউনিয়ন এবং পাশের তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকার কয়েক শ রিকশাভ্যান, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটো ভ্যান চলাচল করে। এসব যানবাহনে হাজারো মানুষ চলাচল করেন। এ ছাড়া ট্রাকে নানা ধরনের পণ্য আনা-নেওয়া করা হয়। বেহাল সড়কের কারণে ভোগান্তিতে পড়েছেন এসব এলাকার মানুষ। এ সড়ক দিয়েই দুটি ইউনিয়নের প্রায় ২০টি গ্রামের মানুষকে চলাচল করতে হয়।
এ দিকে নিমগাছী হাটের সড়কের কড়িতলা এলাকায় গতকাল শুক্রবার ইটের খোয়া ফেলেছে হাটের ইজারাদারেরা।
সম্প্রতি দুপুরে সরেজমিনে কথা হয় সড়কে যাতায়াতকারী, হাটের ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও স্থানীয় লোকজনের সঙ্গে। স্থানীয় আওয়ামী লীগ নেতা নুরুল হক বলেন, সোনাখাড়া ইউনিয়নের সবচেয়ে বড় হাট নিমগাছি হাট। পাশের ধামাইনগর ইউনিয়নের শালিয়াগাড়ি বাজার থেকে নিমগাছি হাট পর্যন্ত সাড়ে চার কিলোমিটার সড়কের প্রায় এক কিলোমিটার চলাচল অযোগ্য। খানাখন্দে ভরা সড়কের এ অংশ মেরামত করার জন্য দুই মাস আগে ঠিকাদার কাজ শুরু করেন। কিন্তু সড়কের কড়িতলা থেকে খায়েরের চাতাল পর্যন্ত প্রায় হাঁটু পর্যন্ত খুঁড়ে রেখে চলে গেছেন ঠিকাদার।
সোনাখাড়া ইউপি সাবেক সদস্য সুশীল কুমার মাহাতো বলেন, এটুকু সড়ক পার হতে মানুষকে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনায় পড়তে হয়।
স্থানীয় কলেজশিক্ষক যোগেন্দ্রনাথ সরকার বলেন, এ সড়কে চলাচল করাই দুষ্কর হয়ে পড়েছে।
সোনাখাড়া ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল বলেন, স্থানীয় মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে সড়কের ভাঙা অংশে কিছু খোয়া ও বালু ফেলা হচ্ছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান সিরাজগঞ্জের আর কে এন্টারপ্রাইজের মালিক রাসেদুল ইসলাম বলেন, মাস দুই আগে কাজটি শুরু করা হয়। এর মধ্যে ২৫০ মিটার রয়েছে আরসিসি ঢালাইয়ের কাজ। কাজটি শুরু করার পরপরই রড, সিমেন্ট, পাথরসহ বিভিন্ন নির্মাণসামগ্রীর দাম বেড়ে যায়। এ বিষয়ে দপ্তরের দায়িত্বশীলদের সঙ্গে কথা হয়েছে।
কাজটির তত্ত্বাবধানকারী কর্মকর্তা এলজিইডির উপসহকারী প্রকৌশলী ফরিদ আহমেদ খান বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানটির সঙ্গে কথা হয়েছে। খুব তাড়াতাড়ি তারা কাজ শুরু করবে।