
রাজশাহীতে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জের সদর থানাধীন গোবরাতলা ইউনিয়নের ঘুঘুডিমা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে রাজশাহীর তানোর থানার পুলিশ। তিনি ডাকাতি মামলায় ১০ বছরের সশ্রম সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। সাজা এড়াতে তিনি দীর্ঘ ২৩ বছর পালিয়ে ছিলেন।
সাজাপ্রাপ্ত এ ব্যক্তির নাম মো. আবদুস সাত্তার (৬৫)। তিনি তানোর থানাধীন ১ নম্বর কলমা ইউনিয়নের কিসমত বিল্লী গ্রামের মো. গরিবুল্লাহর ছেলে।
পুলিশ জানিয়েছে, আবদুস সাত্তারের নামে ডাকাতির অভিযোগে ১৯৯৯ সালের ৯ মার্চ তানোর থানায় মামলা হয়। মামলাটি তদন্ত করে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রের ভিত্তিতে ওই বছরই রাজশাহীর দায়রা জজ আদালত সাক্ষ্য-প্রমাণ শেষে তাঁকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, মামলার পর সাত্তার এলাকা থেকে ভারতের মুর্শিদাবাদে চলে যান। সেখানে বসবাস শুরু করেন। তিনি কয় দিন আগে চাঁপাইনবাবগঞ্জের সদর থানাধীন ঘুঘুডিমা গ্রামে তাঁর মেয়ে মোসা. নার্গিস আক্তারের বাড়িতে বেড়াতে আসেন। গোপন তথ্যের ভিত্তিতে তানোর থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম বলেন, আবদুস সাত্তার ২৩ বছর ধরে পলাতক ছিলেন। এখন তিনি তাঁর সাজার ১০ বছর কাটাবেন। আজ শনিবার দুপুরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।