আ.লীগ অফিসে বোমা হামলা

‘২১ বছর চলে গেছে, এখনো বিচার হয়নি’

২০০১ সালের ১৬ জুন নারায়ণগঞ্জের চাষাঢ়া আওয়ামী লীগ অফিসে বোমা হামলায় ২০ জন নিহতের ঘটনায় ২১ বছর পূর্তি আজ। এ উপলক্ষে নিহতদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নিহতের স্বজন ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ
ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জ চাষাঢ়ায় আওয়ামী লীগের কার্যালয়ে বোমা হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে কাঁদলেন স্বজনেরা। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন তাঁরা। নৃশংস ওই ঘটনার ২১ বছর পূর্তিতে আজ বৃহস্পতিবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে নিহত ব্যক্তিদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

নিহত ব্যক্তিদের স্মরণে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ওই হামলায় দুই পা হারানো কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি চন্দন শীল, বোমা হামলায় দুই পা হারানো জেলা যুবলীগের সহসভাপতি রতন দাস, নিহত ব্যক্তিদের স্বজন এবং মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতা–কর্মীরা।

চন্দন শীল বলেন, ‘দেখতে দেখতে ২১টি বছর চলে গেছে। এখনো নৃশংস হত্যাকাণ্ডের বিচার হয়নি। আমরা এই হত্যাকাণ্ডের বিচার দেখে যেতে চাই। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। প্রধানমন্ত্রীর প্রতি আমাদের সেই আস্থা আছে।’

এ ঘটনার বিচারের আকুতি জানান নিহত নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের সাবেক জিএস আক্তার হোসেন ও সে সময়ের জেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক মোশারফ হোসেনের ভাই আবুল বাশার। তিনি বলেন, ‘দীর্ঘ ২১ বছরেও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় বিচার হয়নি। এত মানুষের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। বোমা হামলার ঘটনায় ২০টি পরিবার তছনছ হয়ে গেছে। আমরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

২০০১ সালের ১৬ জুন রাতে শহরের চাষাঢ়ায় আওয়ামী লীগের কার্যালয়ে তৎকালীন সংসদ সদস্য শামীম ওসমানের পূর্বনির্ধারিত গণসংযোগ কর্মসূচি ছিল। ওই দিন রাত আনুমানিক পৌনে ৯টার দিকে গণসংযোগ কর্মসূচি চলাকালে বিকট শব্দে শক্তিশালী দুটি বোমা বিস্ফোরণে ২০ জন নিহত হন। আহত হন সংসদ সদস্য শামীম ওসমানসহ শতাধিক। বিস্ফোরণে আওয়ামী লীগের অফিসের টিনের চালা উড়ে যায়। ছড়িয়ে ছিটিয়ে থাকে নিহত ব্যক্তিদের লাশ ও আহত ব্যক্তিদের রক্তাক্ত দেহ। বিকট শব্দে কেঁপে উঠে পুরো শহর। ওই বোমা হামলায় দুই পা হারান তৎকালীন জেলা কৃষক লীগের সভাপতি চন্দন শীল, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রতন দাস।

ওই ঘটনার পরপরই শহর আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক খোকন সাহা বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পৃথক দুটি মামলা করেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দুটি মামলায় দীর্ঘ এক যুগ পর ২০১৩ সালের ২ মে হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নানসহ ছয়জনকে আসামি করে আদালতে অভিন্ন অভিযোগপত্র দাখিল করে। বর্তমানে মামলাটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে।

নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় শহীদ মিনারে মোমশিখা প্রজ্বালন কর্মসূচি পালন করবে স্থানীয় আওয়ামী লীগের নেতা–কর্মীরা।