
২২ বছর আগের কথা। কাজের খোঁজে নীলফামারী থেকে একদিন রাজশাহীর উদ্দেশে ট্রেনে চড়ে বসেন কিরণ বালা রায়। তাঁর বয়স তখন প্রায় ২৭-২৮ বছর। সারা দিন কোনো খাওয়া নেই। কাছে কোনো পয়সাও ছিল না। ট্রেন থেকে নেমে রাজশাহী নগরের ঘোড়ামারা মহল্লায় আসেন। তাঁকে দেখে কথা বলা শুরু করেন এক ধোপা বাড়িওয়ালার বউ। কথায় কথায় তাঁদের বাসায় গৃহকর্মীর কাজের প্রস্তাব দেন। সেই থেকে কিরণ দীর্ঘ ২২ বছর রাজশাহী শহরে গৃহকর্মীর কাজ করছেন। ছেলেমেয়েদের বড় করেছেন, পড়িয়েছেন। সবই তাঁর বেতনের টাকায়।
আজ ১৬ জুন আন্তর্জাতিক গৃহকর্মী দিবস। দেশের প্রতিটি জেলা ও বিভাগে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি বাস্তবায়ন কমিটি রয়েছে। দেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এ নীতিমালা বাস্তবায়ন করার কথা রয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের রাজশাহী উপমহাপরিদর্শক আরিফুল ইসলাম জানান, সবর্শেষ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বেঠকে সিদ্ধান্ত হয়েছে যে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি বাস্তবায়ন কমিটি আইন ও বিধিমালা প্রণয়নের জন্য মন্ত্রণালয়ে সুপারিশ করবে। এ ছাড়া মসজিদের খুতবায় গৃহকর্মী সুরক্ষার কথা বলতে হবে। তবে কিরণ বালা বা শহরের অন্য গৃহশ্রমিকেরা এসব কিছুই জানেন না। রাজশাহী শহরে কতজন গৃহকর্মী রয়েছেন, এর হিসাবও কারও কাছে নেই।
রাজশাহী নগরের খানসামার চক এলাকায় কিরণ রায় এখন একটি ছোট্ট মুদিদোকানে বসেন। বয়সের কারণে হাতে থাকা ছয়টি বাসার কাজ সামনের মাস থেকে ছেড়ে দেবেন। কিরণ বলেন, সংসারের সংকটের কারণে চার সন্তান বাসায় রেখে তিনি ছুটে এসেছিলেন রাজশাহীতে। তিন মাস কাজ করার পর ছেলেমেয়েদের নিয়ে আসেন। ২২ বছর আগের কথা। প্রথমে ৩০০ টাকা ভাড়ার একটা বাসায় ওঠেন। বর্তমানে ৪ হাজার ১০০ টাকা ভাড়ার বাসায় রয়েছেন। তখন একটি বাসায় কাজ করলে ৫০ টাকা পাওয়া যেত। ৫ সদস্যের সংসার খরচ জোগাড় করতে রাত–দিনে একই সঙ্গে ১০ বাড়িতেও কাজ করতে হয়েছে তাঁকে। তাতেও পর্যাপ্ত আয় হতো না। তখন রাতে না ঘুমিয়ে বাসায় বসে পাপোস তৈরি করেন। এভাবে চলতে চলতে দুই মেয়ে ও বড় ছেলেকে বিয়ে দিয়েছেন। বড় ছেলেকে উচ্চমাধ্যমিক শ্রেণি পর্যন্ত পড়াশোনা করিয়েছেন। ছোট ছেলে এখন রাজশাহী নগরের একটি কলেজে স্নাতক সম্মান শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র।
স্থানীয় কিছু গৃহকর্মী বলেন, কিরণ ২২ বছর ধরে এ শহরে গৃহকর্মীর কাজ করছেন। কিরণ তাঁদের অভিভাবকের মতো। তাঁরা কোনো সমস্যায় পড়লে কিরণের কাছে ছুটে যান। কেউ কাজ না পেলে কিরণ তাঁকে বাড়ি ঠিক করে দেন। এমনও হয়েছে, কেউ চরম আর্থিক সংকটে পড়েছেন। কিরণ তাঁর কিস্তির টাকাও টেনেছেন।
কিরণ বলেন, আট বছর ধরে তিনি মুসলিম পরিবারের এক নিঃসঙ্গ বৃদ্ধকে আগলে রেখেছিলেন। ওই বৃদ্ধ ক্যানসারে আক্রান্ত হলে তিনি তাঁর সব দায়িত্ব নেন। বৃদ্ধের মৃত্যু শয্যায়ও পরিবারের কোনো স্বজন ছিলেন না। তিনি একাই তাঁকে হাসপাতালে নিয়ে যান। এই বৃদ্ধ একটি মুদিদোকান চালাতেন। বৃদ্ধের মৃত্যুর পর পরিবারের সদস্যরা দোকানটি কিরণ বালার কাছেই ভাড়া দিয়েছেন।
কিরণ বলেন, পেছনের কথা মনে হলে খুব কষ্ট হয়। কত বাড়িতে কাজ করেছেন। কত রকম মানুষ দেখেছেন। কতজনে কতরকম দুর্ব্যবহার করেছেন। আবার ভালো মানুষও পেয়েছেন। যাঁদের কথা কোনো দিন ভুলবেন না। এখন শরীরে আর কুলাতে চায় না। আস্তে আস্তে বাসাবাড়ির সব কাজ ছেড়ে দিচ্ছেন। ব্যবসাটা দাঁড়িয়ে গেলে ভালো হয়।