
২৩ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না ইমন হোসেন (১৫) নামের বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী এক কিশোরকে। ইমনের বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। তার বাবার নাম বাবুল হোসেন।
৫ মে বাবার সঙ্গে উপজেলার ছাতড়ার বিলে বেড়াতে গিয়েছিল ইমন। সেদিন বিলে দর্শনার্থীদের প্রচুর ভিড় ছিল। ভিড়ের মধ্যে বিলে ঘুরতে গিয়ে প্রতিবন্ধী কিশোরটি হারিয়ে যায়। এর পর থেকে কিশোরটি নিখোঁজ।
৫ মে বাবার সঙ্গে উপজেলার ছাতড়ার বিলে বেড়াতে গিয়ে ভিড়ের মধ্যে কিশোরটি হারিয়ে যায়।
ইমনের বাবা বাবুল হোসেন বলেন, তাঁর ছেলে বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী। ঈদুল ফিতরের দুই দিন পর ৫ মে ছেলেকে নিয়ে বিলে ঘুরতে যান তিনি। সেখানে ভিড়ের মধ্যে ইমন হারিয়ে যায়। ওই দিন বিকেল ৪টা থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ইমনের গায়ে ছিল কমলা রঙের টি-শার্ট ও কালো রঙের থ্রি-কোয়ার্টার প্যান্ট। তার গায়ের রং ফরসা। এ ব্যাপারে নিয়ামতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ইমন তার পরিচয় কিংবা ঠিকানা বলতে পারে না। কোনো সহৃদয় ব্যক্তি ইমনের খোঁজ জানলে বাড়ির ঠিকানা অথবা মুঠোফোনে (০১৭৮৫৫৬৮৬০৬) জানানোর অনুরোধ করেছেন তার বাবা।