বিশ্ব রক্তদাতা দিবস

২৯-এ ৪২ বার রক্তদান

রাজশাহীর যুবক শাওন সায়ান একটি রেস্তোরাঁর ব্যবস্থাপক। এ পর্যন্ত তিনি ৪২তম বারের মতো রক্তদান করেছেন।

৪২ বার রক্তদান করেছেন রাজশাহীর শাওন সায়ান
 ছবি: প্রথম আলো

বন্ধুর বাবা অসুস্থ হয়ে পড়েছেন, জরুরি ভিত্তিতে রক্ত দরকার। কিন্তু কোথাও রক্ত মিলছিল না। রাজশাহীর শাওন সায়ান তখন নবম শ্রেণিতে পড়েন। কৌশলে বয়স লুকিয়ে নিজেকে কলেজশিক্ষার্থী পরিচয় দিয়ে রক্ত দিলেন। সেই যে শুরু শাওনের রক্তদান, নির্দিষ্ট সময় পর পর তা অব্যাহত রেখেছেন।

সর্বশেষ গত ১২ মে শাওন ৪২তম বারের মতো রক্ত দিয়েছেন। বর্তমানে তাঁর বয়স ২৯। পরিবারের সঙ্গে রাজশাহী নগরের খড়খড়ি বাইপাস এলাকায় থাকেন। তাঁর বাবা সরকারি কর্মকর্তা। শাওন স্থানীয় বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষ করে একটি রেস্তোরাঁর ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন।

শাওনের সঙ্গে আলাপকালে জানা গেল, এসএসসি পরীক্ষা চলছে। বাংলা পরীক্ষার আগের দিন সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একজন মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজন। পরের দিন সকালেই পরীক্ষা। পরে মায়ের কাছে গিয়ে সবকিছু বলার পর তাঁর মা রক্ত দেওয়ার অনুমতি দেন।

এখন পর্যন্ত শাওন প্রসূতি মা, থ্যালাসেমিয়া রোগী, শিশুসহ গুরুতর রোগীদের রক্ত দিয়েছেন। নিজে নির্দিষ্ট দিনে না পারলে অন্যদের মাধ্যমে রক্তের ব্যবস্থা করে দিয়ে পাশে দাঁড়াচ্ছেন। করোনাকালে রক্ত দেওয়ার পাশাপাশি করোনা আক্রান্তদের অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়ার কাজও করেছেন।

কিন্তু যে তরুণ এতবার রক্ত দিয়েছেন তাঁরই ভয় কাজ করে সুঁই নিয়ে। শাওন বলেন, যখন রক্ত দেন, চোখ বন্ধ রাখেন। ৩৭ ও ৩৮তম বার রক্ত দেন একই দিনে। এক শিশুকে রক্ত দিয়ে তিনি হাসপাতাল থেকে বের হতেই তার সামনে হাউমাউ করে এক বাবা কেঁদে উঠলেন। জানালেন, এখনই রক্ত লাগবে। না হলে তার বাচ্চাকে বাঁচানো কঠিন হবে। সেদিন শাওন একই দিনে দুইবার রক্ত দেন। তবে রক্তের পরিমাণ কম ছিল।

বর্তমানে গড়ে তিন দিনে শাওনের কাছে অন্তত একবার হলেও রক্তের প্রয়োজনে কেউ না কেউ কল করেন, খুদেবার্তা পাঠান। তাঁদের জন্য শাওন ফেসবুকে পোস্ট দেন। তাতে খুব সহজেই রক্ত মিলে যায়।

শাওন বলেন, তিনি কোনো কিছুর বিনিময়ে রক্ত দেন না। যাঁদের রক্ত দেওয়া হয়, তাঁরা অনেক কিছু দিতে চান। কিন্তু তিনি রক্ত দেওয়ার বিনিময়ে কিছুই নেন না। বলেন, ‘রক্ত দিতে ভালো লাগে। আমার অসিলায় একটি মানুষ বাঁচলে কিংবা সুস্থ হলে যে আনন্দ কাজ করে তা বলে বোঝানো সম্ভব না।’

শাওন বলেন, রক্ত দিলে শরীরের কোনো ক্ষতি নেই। অনেকেই প্রথমবার রক্ত দিয়ে বিশ্রাম নেন না। এতে শারীরিক কিছু সমস্যা দেখা দেয়। এই অভিজ্ঞতার কারণে পরে অনেকেই রক্ত দিতে অনীহা প্রকাশ করেন।

এতবার রক্ত দিলেও কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে নেই শাওন। তবে সব সংগঠনের সঙ্গে তাঁর যোগাযোগ আছে। রক্তের প্রয়োজনেও তিনি খোঁজ নেন, খোঁজ দেন। রাজশাহীতে বাঁধন, সন্ধানী, স্বজন নামে একাধিক সংগঠন আছে। এগুলোর বেশির ভাগই শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক এবং শিক্ষার্থীদের দিয়েই পরিচালিত হয়। তাঁদের কাছে ফোন করলেই রক্তের ব্যবস্থা হয়।