গাবতলীতে ভোটকেন্দ্রে সহিংসতা

৩০০ জনকে আসামি করে থানায় প্রিসাইডিং কর্মকর্তার মামলা

বালিয়াদিঘী ইউপি নির্বাচনে বিজিবির গুলিতে এই কালাইহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রেই বিজিবির গুলিতে চার জন নিহত হয়েছেন। তছনছ গোটা বিদ্যালয় মাঠ ও শ্রেণিকক্ষ
বালিয়াদিঘী ইউপি নির্বাচনে বিজিবির গুলিতে এই কালাইহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রেই বিজিবির গুলিতে চার জন নিহত হয়েছেন। তছনছ গোটা বিদ্যালয় মাঠ ও শ্রেণিকক্ষ

বগুড়ার গাবতলীতে ভোট গণনাকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করে মামলা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় গাবতলী মডেল থানায় এ মামলা করা হয়। উপজেলার বালিয়াদীঘি ইউপির কালাইহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জাকির হোসেন বাদী হয়ে মামলাটি করেছেন।

বিষয়টি নিশ্চিত করে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম বলেন, মামলায় আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান এবং ভোটকেন্দ্রে হামলা-ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।

কালাইহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনাকে কেন্দ্র করে সহিংসতা থামাতে বিজিবি গুলি ছুড়লে চারজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

পঞ্চম ধাপে বুধবার বালিয়াদীঘি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ হয়। সন্ধ্যায় ইউপির কালাইহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনাকে কেন্দ্র করে সহিংসতা থামাতে বিজিবি গুলি ছুড়লে চারজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন এক প্রার্থীর পোলিং এজেন্ট কুলসুম বেগম (৫০), দিনমজুর খোরশেদ আলী (৬৮), আবদুর রশিদ (৬০) ও রিকশাচালক আলমগীর হোসেন (৪০)।

এ ঘটনায় আরও চারজন গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন। তাঁরা হলেন আবদুল (৪০), রাকিব (১৬), মেহেদী হাসান (১৩) ও ছহির উদ্দিন (৬০)। তাঁদের মধ্যে মেহেদী কালাইহাটা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

এদিকে বিজিবির গুলিতে নিহত চারজনের লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্তের পর বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশি পাহারায় কালাইহাটা গ্রামে নেওয়া হয়। জেলা প্রশাসক জিয়াউল হকের উপস্থিতিতে জানাজা শেষে পুলিশি পাহারায় তাঁদের লাশ দাফন করা হয়।