সীতাকুণ্ডে নিখোঁজ, ৬ দিন পর বৃদ্ধকে পাওয়া গেল ভালুকায়

কানাই লাল সরকার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে তীর্থ করতে এসে গত শনিবার রাতে নিখোঁজ হন কানাই লাল সরকার (৭০)। এর পর থেকে সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় তাঁকে খোঁজার জন্য নানাভাবে চেষ্টা করেন মেয়ের জামাই মিন্টু লাল দে। কখনো মাইকিং করে, আবার কখনো লিফলেট বিলি করেন মিন্টু লাল। হন্যে হয়ে খোঁজার ষষ্ঠ দিনের মাথায় শ্বশুরকে পেয়েছেন তিনি। কানাই লাল সরকার ময়মনসিংহের ভালুকা উপজেলায় আত্মীয়ের বাড়িতে আছেন।

কানাই লাল সরকারের বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাচারীপাড়া গ্রামে। ময়মনসিংহের ওই আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে নিজের গ্রামে নেওয়ার জন্য ভালুকায় যাচ্ছেন মেয়ের জামাই মিন্টু লাল দে।

মিন্টু লাল দে প্রথম আলোকে বলেন, শেরপুর থেকে বাসে করে শ্বশুর, স্ত্রীর বড় ভাইসহ প্রতিবেশীদের সঙ্গে সীতাকুণ্ডে তীর্থে আসেন তিনি। শনিবার রাতে তাঁরা সবাই সীতাকুণ্ড উচ্চবিদ্যালয়ের মাঠে ছিলেন। সেখানে তাঁদের গাড়ি ছিল। রাতের কোনো এক সময় তাঁর শ্বশুর বিদ্যালয় মাঠ থেকে নিখোঁজ হন। এর পর থেকে শ্বশুরের খোঁজ করেন তিনি। উপায়ান্তর না দেখে মেলা কমিটির ঘোষণার মঞ্চে গিয়ে বারবার মাইকে ঘোষণা করেন, কিন্তু শ্বশুরকে পাননি। পরে সীতাকুণ্ড থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করেন।

মিন্টু লাল দে আরও বলেন, তাঁর শ্বশুর ওই রাতেই চন্দ্রনাথ ধামে ওঠেন। চন্দ্রনাথ ধামের অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে ১ হাজার ২০০ ফুট ওপরে পাহাড়ের চূড়ায়। আঁকাবাঁকা পাহাড়ি পথ পাড়ি দিয়ে চন্দ্রনাথ ধামে উঠতে হয় এবং খাড়া সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়। সেদিন মানুষের এত ভিড় ছিল যে রাতে চার ঘণ্টার মতো ওঠানামার পথ বন্ধ করে দিতে হয় কর্তৃপক্ষকে। ফলে যে অবস্থানে গিয়ে তিনি পৌঁছেছেন, সে অবস্থানেই দীর্ঘ সময় থাকতে হয় কানাই লালকে। পরদিন সকালে চন্দ্রনাথ ধাম থেকে নামার বিকল্প পথ খুলে দেওয়া হলে সে পথে সমতলে আসেন তিনি। তখন তিনি খুবই ক্লান্ত ছিলেন। এরপর স্থানীয় লোকজনের কাছে তিনি স্বজনদের কাছে যাওয়ার জন্য সহযোগিতা চান। কিন্তু স্থানীয় ব্যক্তিরা তাঁকে পথ বলে দিলেও তিনি স্বজনদের কাছে পৌঁছাতে পারেননি। পরে ইকোপার্ক থেকে বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দিকে এসে ফকিরহাট বাজারে পৌঁছান। সেখানে স্থানীয় লোকজন তাঁকে খাবার দেন। কিছু টাকাপয়সা দিয়ে কলেজ রোডে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেন। সীতাকুণ্ড কলেজ রোড এলাকায় গিয়েও স্বজনদের খুঁজে বের করতে পারেননি তিনি। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় সোমবার তিনি ময়মনসিংহের গাড়িতে ওঠেন। সেখান থেকে ভালুকায় তাঁদের এক আত্মীয়ের বাড়িতে আসেন।

মিন্টু লাল দে বলেন, মেলা শেষ হয়েছে সোমবার। তারপরও শ্বশুরকে না পেয়ে তিনি নিজেই মাইকিং করেছেন সীতাকুণ্ড পৌর সদরের আশপাশে দু-তিন কিলোমিটারের মধ্যে। কখনো কখনো লিফলেট বিতরণ করেছেন। সর্বশেষ গতকাল বুধবার রাতে ভালুকা থেকে তাঁদের এক আত্মীয় মুঠোফোনে জানান, তাঁর শ্বশুর সেখানে আছেন। এরপর তাঁদের স্বস্তি ফেরে।

সীতাকুণ্ড থানা সূত্র জানিয়েছে, এবারের শিবচতুর্দশী মেলা চলাকালে চারটি নিখোঁজ ডায়েরি হয়েছে। এর মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। এর মধ্যে কানাই লাল সরকারের নিখোঁজের জিডিও আছে। অপর নিখোঁজ ডায়েরির আশুতোষ নাথের লাশ গত মঙ্গলবার দুপুরে চন্দ্রনাথ পাহাড়ের গভীর খাদ থেকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। অন্য দুই নারী এখনো নিখোঁজ।