গ্রেপ্তার প্রমন তালুকদার (২১) ও আবুল কালাম (৪৫)। গতকাল শনিবার রাতে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে
গ্রেপ্তার প্রমন তালুকদার (২১) ও আবুল কালাম (৪৫)। গতকাল শনিবার রাতে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে

নরসিংদীতে পোলট্রি ব্যবসায়ী হত্যাকাণ্ডে কিশোরগঞ্জ থেকে দুজন গ্রেপ্তার

নরসিংদীর বেলাবতে ব্যবসায়ী আজীমুল কাদের ভূঁইয়া (৪৫) হত্যাকাণ্ডে কিশোরগঞ্জ শহরে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাঁদের কাছ থেকে নিহত ব্যক্তির ব্যবহৃত মুঠোফোন ও মুরগি বিক্রির চার লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

এর আগে গত শুক্রবার নিহত ব্যক্তির ভাই আনোয়ার কাদের ভূঁইয়া দুই শ্রমিকসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে বেলাব থানায় হত্যা মামলা করেন।

বৃহস্পতিবার রাত নয়টার দিকে বেলাব উপজেলার বাজনাব ইউনিয়নের বীর বাঘবের গ্রামের একটি ডোবা থেকে ওই গ্রামের বাসিন্দা আজীমুল কাদেরের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি বাজনাব ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বেলাব উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় নিজের পোলট্রি খামারে অবস্থান করছিলেন আজীমুল। রাত আটটার দিকে খামার থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি।

গ্রেপ্তার দুজন হলেন নেত্রকোনার মদন উপজেলার ফতেপুর গ্রামের প্রমন তালুকদার (২১) ও কিশোরগঞ্জের কটিয়াদীর কায়স্থপল্লির আবুল কালাম (৪৫)। প্রমন তালুকদার আজীমুল কাদেরের খামারের শ্রমিক ছিলেন। ঘটনার পর তিনি পালিয়ে যান। আবুল কালাম খামারের চুরি হওয়া মুরগিগুলোর ক্রেতা।

ডিবি সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার ১৫ দিন আগে ওই খামারে দুজন শ্রমিক নিয়োগ দিয়েছিলেন আজীমুল। গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জানা যায়, পলাতক দুই শ্রমিক কিশোরগঞ্জে অবস্থান করছেন। গতকাল শনিবার দুপুরে ডিবির উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেনের নেতৃত্বে কিশোরগঞ্জে অভিযান চালিয়ে একজন শ্রমিক ও মুরগির ক্রেতাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে নিহত ব্যক্তির ব্যবহৃত মুঠোফোন ও মুরগি বিক্রির চার লাখ টাকা উদ্ধার করা হয়। আরেকজন শ্রমিক পলাতক।

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কায়েস আকন্দ বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, খামারের মুরগি বিক্রি করে টাকা আত্মসাৎ করতেই আজীমুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে বেলাব থানায় হস্তান্তর করা হয়েছে। আজ রোববার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।