বারি-১৪ জাতের শর্ষেগাছের জীবনকাল ৭৫ থেকে ৮০ দিন। গাছের উচ্চতা ৩০ থেকে ৩৫ ইঞ্চি। প্রতি হেক্টরে ফলন হয় চার-ছয় টন পর্যন্ত।
কৃষক মজিবুর রহমান গত বছর এক একর জমিতে বারি-১৪ জাতের শর্ষে চাষ করেছিলেন। তিনি ওই জমি থেকে সাড়ে ১২ মণ শর্ষে পেয়েছিলেন। এর মধ্যে ৯ মণ শর্ষে তিনি সাড়ে তিন থেকে চার হাজার টাকায় বিক্রি করেছিলেন। তেল তৈরির জন্য আড়াই মণ শর্ষে রেখে অবশিষ্ট এক মণ বীজ তিনি বিক্রি করেছিলেন। ওই বীজ কিনে এলাকার ১০ কৃষক এবার তাঁদের খেতে বারি-১৪ জাতের শর্ষে চাষ করছেন।
মজিবুরের বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের উত্তর নাকসী গ্রামে। তিনি বলেন, ‘বারি-১৪ জাতের শর্ষের তেল খুব ভালো। ফলনও অন্যান্য জাতের শর্ষের চেয়ে অনেক বেশি। এবার দেড় একর জমিতে বারি-১৪ জাতের শর্ষে চাষ করেছি। এবার কোনো সমস্যা হয়নি। একরপ্রতি এবার ১৪ থেকে ১৫ মণ শর্ষে পাব।’ গত বছর ৫০ শতক জমিতে বারি-১৪ জাতের শর্ষে চাষ করে ৭ মণ শর্ষে পেয়েছিলেন একই গ্রামের আবদুল কাদির। তিনি বলেন, ‘এই শর্ষের তেলে ঝাঁজ বেশি। ক্ষতিকর কিছু নেই। ফলন অন্যান্য শর্ষের চেয়ে অনেক বেশি হয়।’
মুজিবুর রহমান বলেন, ‘গত বছর আমরা ১০–১২ জন বারি-১৪ জাতের শর্ষের চাষ করেছিলাম। আমাদের দেখে এবার এলাকার ৫০ থেকে ৬০ কৃষক এই জাতের শর্ষের চাষ করছেন।’
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) সূত্রে জানা গেছে, বারি-১৪ জাতের শর্ষেগাছের জীবনকাল ৭৫ থেকে ৮০ দিন। গাছের উচ্চতা ৩০ থেকে ৩৫ ইঞ্চি। প্রতি হেক্টরে ফলন হয় চার-ছয় টন। এ ছাড়া এই জাতের শর্ষেতে ইরোসিক অ্যাসিডের মাত্রা শূন্য দশমিক ৫ ভাগ। বারি-১৪ জাতের শর্ষের বীজে তেলের পরিমাণ ৪৩ থেকে ৪৪ ভাগ। দেশি পদ্ধতিতে এর তেল আহরণ করা যায়। ভোজ্যতেল হিসেবে এই তেল পুরোপুরি নিরাপদ।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, চলতি রবি মৌসুমে উপজেলায় শর্ষে চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১ হাজার ৫২৭ হেক্টর জমিতে। আবাদ হয়েছে ১ হাজার ৬৩০ হেক্টরে। এর মধ্যে ১ হাজার ২০০ হেক্টর জমিতে বারি-১৪ জাতের শর্ষের চাষ হয়েছে। যা গত বছরের চেয়ে দ্বিগুণ আবাদ হয়েছে। এর মধ্যে উপজেলা কৃষি কার্যালয় থেকে ৫ হাজার ৫০০ জন কৃষককে প্রণোদনার আওতায় বিনা মূল্যে বারি-১৪ শর্ষের বীজ ও সার দেওয়া হয়েছে।
গত রোববার উপজেলার মরিচপুরান ও কলসপাড় ইউনিয়নের কয়েকটি মাঠ ঘুরে দেখা গেছে, পুরো মাঠ হলুদ ফুলে ছেয়ে আছে। বেশির ভাগ খেতে শর্ষেগাছে ফুল বেরিয়েছে। অনেক খেতে ফুল ঝরে শর্ষে দানা বাঁধছে।
মরিচপুরান গ্রামের কৃষক দৌলত হোসেন বলেন, ‘প্রথমবারের মতো ২৫ শতাংশ জমিতে বারি-১৪ জাতের শর্ষে চাষ করেছি। খরচ পড়েছে ২ হাজার ২০০ টাকা। আশা করছি, ফলন হবে চার মণ। আমার মতো আরও অনেকেই শর্ষে চাষ করেছেন। গাছের অবস্থা খুব ভালো। শর্ষে উঠিয়ে পরে বোরো ধান লাগাব।’
নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবির বলেন, বারি শর্ষে-১৪ জাতের চাষাবাদে কৃষকেরা আগ্রহী হয়েছেন। অল্প খরচে বেশি ফলনে অধিক লাভ। আমন ও বোরো ধান চাষাবাদের মাঝের সময়ে খেত পতিত থাকত। এই সময়ে বাড়তি ফসল হিসেবে শর্ষে চাষ করে কৃষকেরা লাভবান হবেন। গতবারের চেয়ে এবার উপজেলায় দ্বিগুণ জমিতে শর্ষে চাষ হয়েছে। এতে ভোজ্যতেলের চাহিদা অনেকাংশে মেটানো সম্ভব হবে।