সখীপুরে সরকারি মুজিব কলেজে ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সিদ্ধান্ত

টাঙ্গাইল জেলার মানচিত্র
টাঙ্গাইল জেলার মানচিত্র

ছাত্রলীগের আন্দোলনের চাপের মুখে অবশেষে টাঙ্গাইলের সখীপুরের সরকারি মুজিব কলেজে ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রোববার কলেজ শিক্ষক পরিষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম এ হাকিম বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

এর আগে কলেজের ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে গত বৃহস্পতিবার অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেন কলেজ শাখা ছাত্রলীগের নেতা–কর্মীরা। পরে অধ্যক্ষের পক্ষ থেকে নির্বাচনের আশ্বাস পেয়ে তাঁরা তালা খুলে দেন।

সরকারি মুজিব কলেজ সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০১৩ সালে ওই কলেজে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে আবদুর রউফ ভিপি (সহসভাপতি) ও রাসেল আল মামুন জিএস (সাধারণ সম্পাদক) নির্বাচিত হন। নির্বাচনে ছাত্রলীগের পূর্ণ প্যানেল জয়ী হয়। তবে এরপর আর ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়নি। দুই বছর ধরে নির্বাচনের দাবিতে ছাত্রলীগ আন্দোলন করে আসছে।

সম্প্রতি নির্বাচনের দাবি জানিয়ে ছাত্রলীগের পক্ষ থেকে অধ্যক্ষকে সাত দিনের সময় বেঁধে দেওয়া হয়। সময়সীমা শেষ হলে বৃহস্পতিবার কলেজ শাখা ছাত্রলীগের নেতা–কর্মীরা ক্লাস বর্জন করে অধ্যক্ষের কার্যালয় ও শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দেন। একই দিন দুপুর ১২টার দিকে সখীপুর প্রেসক্লাবে ছাত্রলীগ সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজ ছাত্রলীগের সভাপতি খন্দকার রকিবুল বিজয়। প্রথম আলোসহ বিভিন্ন জাতীয় দৈনিকে এ নিয়ে সংবাদ প্রচারের পর আজ কলেজ শিক্ষক পরিষদ এক জরুরি সভা ডাকে। ওই সভায় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সর্বসম্মত সিদ্ধান্ত হয়।

কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার রকিবুল বিজয় প্রথম আলোকে বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি মেনে নেওয়ায় ছাত্রলীগের পক্ষ থেকে অধ্যক্ষ ও সব শিক্ষককে ধন্যবাদ জানাচ্ছি।’

সরকারি মুজিব কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম এ হাকিম প্রথম আলোকে বলেন, ছাত্র সংসদ নির্বাচনের দাবি মেনে নেওয়া হয়েছে। শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।