
চট্টগ্রামের সীতাকুণ্ডের তেরিয়াইল এলাকায় হাইওয়ে থানার সামনে ভাগনে মো. ইমাম হোসেনের (১৭) লাশবাহী গাড়ির পাশে দাঁড়িয়েছিলেন মো. ফারুক। শূন্য দৃষ্টিতে একদিকে তাকিয়ে থাকতে থাকতে ক্ষণে ক্ষণে চোখ মুছছিলেন তিনি। তাঁর কাঁধে হাত রাখতেই বললেন, ‘আমিই ওকে বিদ্যুৎ বিল দিতে পাঠিয়েছিলাম। ও যে আরও বন্ধুদের সঙ্গে নিয়ে মোটরসাইকেলে চড়ে যাবে, তা জানতাম না। কয়েক ঘণ্টার ব্যবধানে ছেলেটার লাশ দেখতে হবে ভাবিনি। মনে হচ্ছে, আমি ছেলেটাকে মেরে ফেলেছি। বোনকে এখন কী জবাব দেব আমি? আল্লাহ, একি করলাম আমি!’
মাত্র তিন দিন আগে সড়ক দুর্ঘটনায় হাতে আঘাত পায় ইমাম। ওই জখম নিয়েই গত শুক্রবার মামার বাড়িতে বেড়াতে আসে সে। আজ শনিবার সকালে মামা মো. ফারুক তাকে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পাঠিয়েছিলেন। পথে মোটরসাইকেল নিয়ে তার সঙ্গী হয় দুই বন্ধু মো. আকিব (১৪) ও জনি (১৫)। কিছু দূর যাওয়ার পর জনির এক খালাতো ভাই মো. আরাফাতও মোটরসাইকেলটিতে ওঠে। চারজন একসঙ্গে চেপে কিছু দূর যেতেই মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইমাম, আকিব ও জনির। গুরুতর আহত হয় আরাফাত। আজ দুপুরে চট্টগ্রামের মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়নের কমলদহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকিব ও জনি মিরসরাই উপজেলার উত্তর সাহেরখালী এলাকার বাসিন্দা। আকিব সাহেরখালী উচ্চবিদ্যালয়ের অষ্টম এবং জনি নবম শ্রেণির ছাত্র ছিল। আর ইমাম উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের উত্তর ওয়াহেদপুর গ্রামের আবুল কালামের ছেলে। সে নিজামপুর মুসলিম উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা। মামার বাড়িতে যাতায়াতের সূত্রে ইমামের সঙ্গে আকিব ও জনির বন্ধুত্ব গড়ে ওঠে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি ছিল নিহত আকিবের।
অ্যাম্বুলেন্সে রাখা ছেলের লাশের দিকে একদৃষ্টে তাকিয়ে ছিলেন ইমামের কৃষক বাবা মো. আবুল কালাম। যেন ছেলেকে প্রাণভরে দেখে নিচ্ছেন। অ্যাম্বুলেন্সের দরজা ধরে কান্নার দমকে নুয়ে পড়লেন তিনি। ‘বাবা রে, আমার বাবা। হারে কই গেলি গা বাপ।’
কিছুক্ষণ পর আবুল কালাম বললেন, ‘আমার তিন ছেলের মধ্যে ইমাম ছিল মেজ। এবার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল ওর। তিন দিন আগেও একবার সড়ক দুর্ঘটনার কবলে পড়ে হাতে বেশ আঘাত পেয়েছিল। মামার বাড়ি এলাকার বন্ধুদের সঙ্গে বেশ চলাফেরা ছিল ওর। হাতের আঘাত নিয়েই মামার বাড়ি বেড়াতে গিয়েছিল ছেলেটা। মৃত্যুর ডাকেই যেন এক হয়েছিল তিন বন্ধু।’
নিহত আকিব ও জনি একসঙ্গে বেড়ে উঠেছে একই বাড়িতে। দুই কিশোরের মৃত্যু এলাকার মানুষেরা কিছুতেই মানতে পারছেন না। জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য মো. নাছির উদ্দিন প্রথম আলোকে বলেন, ছেলে দুটির মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে মিরসরাইয়ের কমলদহ বাজার ইউটার্ন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। মোটরসাইকেলে থাকা চার কিশোরের তিনজনই ঘটনাস্থলে নিহত হয়েছে। আহত একজনকে স্থানীয় মানুষেরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। নিহত তিনজনের কারও মাথায় হেলমেট ছিল না। তিনি আরও বলেন, পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতদের লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হবে।