ধর্ষণ
ধর্ষণ

নেত্রকোনায় বাক্‌ ও শ্রবণপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের মামলায় ঢাকা থেকে তরুণ গ্রেপ্তার

নেত্রকোনার পূর্বধলায় বাক্‌ ও শ্রবণপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার বিমানবন্দর থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার তরুণের নাম রবিউল আওয়াল (২৪)। তিনি পূর্বধলা উপজেলার একটি গ্রামের বাসিন্দা এবং ধর্ষণের শিকার নারীর (৩২) প্রতিবেশী।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ওই নারী জন্ম থেকেই বাক্‌ ও শ্রবণপ্রতিবন্ধী। প্রায় আট মাস আগে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় তাঁর। এরপর তিনি চার বছর বয়সী ছেলেকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। বাবার বাড়িতে আসার পর থেকে প্রতিবেশী রবিউল ওই নারীকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করছিলেন। ১৬ সেপ্টেম্বর বিকেলে ওই নারী এক প্রতিবেশীর বাড়ি গেলে ইশারায় তাঁকে কাছে ডেকে নেন রবিউল। এ সময় ওই বাড়িতে কোনো লোকজন ছিলেন না। পরে একটি ঘরে নিয়ে ওই নারীকে ধর্ষণ করা হয়। এ সময় এক নারী এগিয়ে গেলে রবিউল ঘর থেকে বের হয়ে পালিয়ে যান।

পরে প্রতিবন্ধী নারীকে উদ্ধার করে তাঁর বাবার বাড়িতে নিয়ে যাওয়া হয়। ঘটনার বিষয়ে ওই নারীকে তাঁর বাবা ইশারা–ইঙ্গিতে জিজ্ঞাসা করলে তিনি রবিউলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের কথা জানান। এরপর তাঁর বাবা থানায় মামলা করেন। গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে বিমানবন্দর থানা এলাকা থেকে রবিউলকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তার আসামি রবিউল পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তাঁকে আজ দুপুরে আদালতের মাধ্যমে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।