রায়পুরায় বাস-লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ১২

নরসিংদীর রায়পুরা উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষ হয়। মঙ্গলবার সকালে
ছবি : প্রথম আলো

নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী একটি বাস ও তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে বাসচালকের সহকারীসহ অন্তত ১২ যাত্রী আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে উপজেলার নীলকুঠি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর থেকে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় আড়াই ঘণ্টা যানবাহন চলাচল বিঘ্নিত হয়। তখন তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে। পরে বেলা সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাকবলিত বাস ও লরি উদ্ধার করে ভৈরব হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা যাতায়াত পরিবহন নামের যাত্রীবাহী একটি বাস রাজধানী ঢাকার দিকে যাচ্ছিল। আর ঢাকা থেকে ছেড়ে আসা যমুনা কোম্পানির তেলবাহী একটি লরি ভৈরবের দিকে যাচ্ছিল। ঢাকা-সিলেট মহাসড়কের নীলকুঠি বাসস্ট্যান্ড এলাকা অতিক্রমের সময় সিএনজিচালিত একটি অটোরিকশা হঠাৎ বাসের সামনে এসে পড়ে। সেটা পাশ কাটাতে গিয়ে বাস-লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর বাসটি মহাসড়কের পাশে একটি খাবার হোটেল ও বিদ্যুতের খুঁটিতে আঘাত করে। এতে ১১ কেভি সঞ্চালন লাইনের বৈদ্যুতিক খুঁটি এবং হোটেলের কিছু অংশ ভেঙে যায়। অন্যদিকে, তেলবাহী লরিটি মহাসড়কের মাঝখানে কাত হয়ে পড়ে। উভয় গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ওই বাসে থাকা কমপক্ষে ১২ যাত্রী আহত হন। বাসটির চালকের সহকারীর এক পা ভেঙে যায়। তবে দুর্ঘটনার পরপর উভয় গাড়ির চালক পালিয়ে যান।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে ভৈরব ও নরসিংদী শহরের বিভিন্ন হাসপাতালে পাঠান। তবে হাইওয়ে পুলিশ ১২ জন আহত হওয়ার খবর নিশ্চিত করলেও তাঁদের নাম-পরিচয় জানাতে পারেনি।

বাসটির যাত্রী আবদুল আওয়াল বলেন, অল্প বয়সের চালক বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিল। কয়েক যাত্রী নিষেধও করেছিলেন। নীলকুঠি এলাকা অতিক্রমের সময় মহাসড়কে উঠে পড়া সিএনজিচালিত একটি অটোরিকশাকে বাঁচাতে গিয়েই এ দুর্ঘটনা ঘটে।

যাত্রীরা আরও বলেন, মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশাসহ নিষিদ্ধ যানবাহন সারা দিনই চলাচল করে। এ কারণে এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। কিছুদিন পরপর ছোট–বড় দুর্ঘটনায় মানুষ মারা যায়। এ মহাসড়কে পুলিশের আরও দায়িত্বশীল হওয়া উচিত।

পল্লী বিদ্যুৎ সমিতি রায়পুরা জোনের ইনচার্জ রেজাউল করিম বলেন, এ বিষয়ে হাইওয়ে পুলিশের সঙ্গে কথা হয়েছে, ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক খুঁটির ক্ষতিপূরণ চেয়ে তাঁরা মামলা করবেন।

ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক নূর হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত বাস-লরি দুটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। যত দূর জানতে পেরেছি, বাসের চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল বলেই এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর থেকে উভয় গাড়ির চালক পলাতক।’