গাজীপুরে আচরণবিধি লঙ্ঘন করায় কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

নির্বাচন কমিশন
ফাইল ছবি

গাজীপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে এক কাউন্সিলর প্রার্থীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাঁর নাম সফর আলী। তিনি গাজীপুর সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী।

সোমবার সন্ধ্যায় গাজীপুর মহানগরীর তেলিপাড়ায় গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, সফর আলী (ঘুড়ি প্রতীক) সোমবার বিকেলে কারখানার শ্রমিকদের নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিল বের করেন। এ সময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানালে তাৎক্ষণিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন ওই এলাকায় যান।

এ সময় তিনি অভিযান চালিয়ে কাউন্সিলর প্রার্থী সফর আলীকে আটক করেন। সফর আলী নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চান। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাঁকে ৪০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সানোয়ার জাহান বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ওই কাউন্সিলর প্রার্থীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া তিনি মুচলেকা দিয়েছেন, ভবিষ্যতে আচরণবিধি লঙ্ঘন করবেন না।