
লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগের দুই নেতাকেই বহাল রাখা হয়েছে।
আজ মঙ্গলবার জেলা আওয়ামী লীগের সম্মেলনে বর্তমান সভাপতি গোলাম ফারুক ওরফে পিংকু ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরীর নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজুলল করিম সেলিম।
আজ দুপুরে লক্ষ্মীপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধান অতিথি ছিলেন শেখ ফজুলল করিম। সম্মেলনে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ১০ নেতা প্রার্থী হয়েছিলেন।
সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সম্মেলনস্থলে এসে উপস্থিত হন।
জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কাউন্সিলের উদ্বোধন করেন ওবায়দুল কাদের। সম্মেলনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য লক্ষ্মীপুর স্টেডিয়াম এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
এর আগে ২০১৫ সালের ৩ মার্চ লক্ষ্মীপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। তখন গোলাম ফারুককে সভাপতি ও নুর উদ্দিন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। এরপর গত সাত বছরে অন্তত চারবার তারিখ ঘোষণা করেও জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়নি।