
ফরিদপুরের সালথা উপজেলায় পৃথক দুটি স্থানে গর্তে হাত ও পা দেওয়ার পর সাপের কামড়ে এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে বাড়ির পাশে কাজ করার সময় অসাবধানতাবশত গর্তে পা দেওয়ায় ওই নারী এবং খেলতে খেলতে গর্তে হাত দেওয়ায় শিশুটিকে সাপে কামড় দেয়।
গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেলের মধ্যে উপজেলার বল্লভদী ইউনিয়নের পিসনাইল ও সোনাতন্দী গ্রামে এ ঘটনা ঘটে। সাপের কামড়ে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বল্লভদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান।
মারা যাওয়া নারীর নাম সরস্বতী মণ্ডল (৪২)। তিনি বল্লভদী ইউনিয়নের পিসনাইল গ্রামের প্রেমানন্দ মণ্ডলের স্ত্রী। শিশুটির নাম সাকিবা আক্তার (৩)। সে একই ইউনিয়নের সোনাতন্দী গ্রামের সাইদুল মোল্লার মেয়ে।
সরস্বতী মণ্ডলের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে বাড়ির পাশে কাজ করছিলেন সরস্বতী মণ্ডল। এ সময় অসাবধানতাবশত একটি গর্তে পা ঢুকিয়ে দেন তিনি। তখন গর্তে থাকা বিষধর একটি সাপ তাঁকে কামড় দেয়। স্বজনেরা দ্রুত তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বেলা দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
শিশুটির স্বজনেরা জানিয়েছেন, গতকাল দুপুরে সোনাতন্দী গ্রামে নিজ বাড়ির পাশে খেলা করছিল শিশু সাকিবা। এ সময় ‘ইঁদুরের’ গর্তে হাত দিলে সাপে কামড় দেয় তাকে। পরিবারের সদস্যরা শিশুটিকে স্থানীয় এক কবিরাজের কাছে নিলে তিনি সাপে কামড়ানোর কোনো আলামত নেই বলে জানান। পরে শিশুটির অবস্থার অবনতি হলে স্বজনেরা তাকে পাশের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, এ ব্যাপারে থানায় দুটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। দুই পরিবারের সদস্যদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।