চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে সদর উপজেলার পলশা মিশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত দুজন মোটরসাইকেলের আরোহী ছিলেন। তাঁরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঘুঘুডিমা এলাকার অহিদুল ইসলাম ও মিনহাজ আলী। সদর উপজেলার ঢোরবোনা গ্রামের জাহিদুর রহমান ও রাণীহাটির এলিম আহত হয়েছেন।
ওসি বলেন, গতকাল রাত সাড়ে ৮টার দিকে একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান একজন। আরেকজন মারা যান হাসপাতালে নেওয়ার পর। দুর্ঘটনায় আহত দুজনকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।