বাদ্যযন্ত্র বাজিয়ে রথযাত্রা, উৎসবে মেতেছেন মানুষ

বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজিয়ে কাঠের তৈরি রথ টানা হয়। রোববার বিকেলে মৌলভীবাজারের জুড়ী উপজেলার চিরাইয়ার পাড় এলাকায়
ছবি: কল্যাণ প্রসূন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের পশ্চিম জায়ফরনগর গ্রামের বুক চিরে বয়ে গেছে একটি খাল। এ কারণে এটি ‘চিরাইয়ার খাল’ নামে পরিচিত। পাশের হাকালুকি হাওরে গিয়ে খালটি মিশেছে।

পৌষসংক্রান্তি উপলক্ষে আজ রোববার এ খালের পাড়ে রথযাত্রা ও মেলা অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে এতে অনেক মানুষের সমাগম ঘটে। স্থানীয় ব্যক্তিদের ভাষ্য, এ রথযাত্রা ও মেলা শত বছরের পুরোনো।

স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা রথযাত্রা ও মেলার আয়োজন করেছেন। অনুষ্ঠানের আয়োজক কমিটির সদস্য স্কুলশিক্ষক পবেন্দ্র দেবনাথ বলেন, জনশ্রুতি আছে, শ্রীচৈতন্য মহাপ্রভু হবিগঞ্জের বাহুবলে মাতুলালয় থেকে কুলাউড়ার বরমচাল এলাকায় একটি মন্দিরে অবস্থান করেছিলেন। পৌষসংক্রান্তিতে তিনি সেখান থেকে রথে চড়ে সিলেটের ঢাকাদক্ষিণ এলাকায় বাড়িতে যান। এর পর থেকে প্রতিবছর পৌষসংক্রান্তিতে রথযাত্রা হয়। চিরাইয়ার পাড়ে ১০০ বছর ধরে রথযাত্রা ও মেলা হচ্ছে। চৈতন্য মহাপ্রভুর প্রতিমাকে রথে তুলে টানা হয়। এ অনুষ্ঠানে শুধু সনাতন ধর্মাবলম্বী নয়, ইসলাম ধর্মের মানুষেরও সমাগম হয়। সবার সহযোগিতায় এটা উৎসবে পরিণত হয়েছে।

মেলায় বসেছে বিভিন্ন দোকান। রোববার বিকেলে মৌলভীবাজারের জুড়ী উপজেলার চিরাইয়ার পাড় এলাকায়

আজ বিকেলে সরেজমিনে দেখা যায়, চিরাইয়ার খালের পূর্ব পাশের জমিতে রথযাত্রা ও মেলায় বিভিন্ন এলাকা থেকে আসা নানা বয়সী মানুষের ভিড়। বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজিয়ে কাঠের তৈরি সুদৃশ্য রথ টানা হয়। আর এতে উৎসবে মেতেছেন সবাই। এ সময় জমির আলে দাঁড়িয়ে থাকা সনাতন ধর্মাবলম্বী নারীরা উলুধ্বনি করতে থাকেন। সাতবার চলে রথটানা। মেলায় শিশুদের বিভিন্ন ধরনের খেলনা, প্রসাধনী, শীতকালীন পিঠা, ফলমূল, চা, চটপটি, সবজি ও পানের দোকান বসেছে। লোকজন মেলায় ঘুরে ঘুরে নানা জিনিস কিনছেন।

পাঁচ বছর বয়সী মেয়ে নওশীনকে নিয়ে মেলায় এসেছেন স্থানীয় প্রহল্লাদপুর গ্রামের বাসিন্দা কামরুল হাসান। তিনি বলেন, ‘ছোটবেলা থেকে এ মেলায় আসছি। মেয়ের জন্য কিছু খেলনা কিনেছি। এ ধরনের উৎসব বাঙালির আবহমানকালের ঐতিহ্য। এটা অসাম্প্রদায়িক বাংলাদেশের একটা নিদর্শনও বলা যায়।’

রাত ১০টার মধ্যেই মেলা শেষ হয়ে যাবে বলে মন্তব্য করেন অনুষ্ঠান আয়োজক কমিটির সাধারণ সম্পাদক অজিত বিশ্বাস।