
গাজীপুরের শ্রীপুর উপজেলার জয়নাবাজার বড়চালা সড়ক এলাকায় দোকানে ঘুমিয়ে ছিলেন ছেলে। পাশেই মাফলারের সঙ্গে ঝুলছিল তাঁর বাবার লাশ। আজ বুধবার সকালে লাশটি উদ্ধার করা হয়। স্বজনদের দাবি, ঋণ পরিশোধের চাপে মানসিক কষ্টে তিনি আত্মহত্যা করেছেন।
লাশ উদ্ধার হওয়া ব্যক্তির নাম আমজাদ হোসেন (৫৫)। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পাথরঘাটা গ্রামের কলিম উদ্দিনের ছেলে। প্রায় ৮ বছর ধরে শ্রীপুরের জৈনাবাজারের বড়চালা সড়কে একটি চায়ের দোকান চালাচ্ছিলেন আমজাদ। পাশের নগরহাওলা গ্রামের মো. জুলহাস মিয়া নামের এক ব্যক্তির বাড়িতে স্ত্রী-সন্তানসহ ভাড়া থাকতেন। ছেলে মো. আবদুর রহিমকে (২৫) নিয়ে চায়ের দোকান চালাতেন আমজাদ। রাতে বাবার সঙ্গেই ঘুমিয়ে ছিলেন আবদুর রহিম।
ঘটনার বর্ণনা দিয়ে আবদুর রহিম বলেন, গতকাল মঙ্গলবার দোকানে বেচাকেনা শেষে দিবাগত রাত একটার দিকে তাঁরা বাবা-ছেলে একসঙ্গে ঘুমিয়ে পড়েন। আজ বুধবার ভোররাত সাড়ে চারটায় ঘুম ভাঙলে পাশে শুয়ে থাকা তাঁর বাবাকে পাচ্ছিলেন না। পরে মোবাইলের টর্চলাইট জ্বালিয়ে দেখতে পান দোকানের ধরনার সঙ্গে বাঁধা মাফলারে ফাঁস লাগানো অবস্থায় তাঁর বাবার লাশ ঝুলছে।
আবদুর রহিম আরও বলেন, বাবা দোকান চালানো ও বিভিন্ন প্রয়োজনে বেশ কয়েকজনের কাছ থেকে সুদের ওপর ঋণ নিয়েছিলেন। প্রতিদিন কিছু ঋণের কিস্তি পরিশোধ করতে হতো। সম্প্রতি পাওনাদারেরা ঋণ পরিশোধের তাগিদ দিচ্ছিলেন। এ নিয়ে কয়েক দিন ধরে বাবা মানসিকভাবে ভীষণ চাপে ছিলেন। ধারণা করছেন, ঋণ পরিশোধের চাপে পড়ে মানসিক কষ্টে তিনি আত্মহত্যা করেছেন। তবে এ নিয়ে কারও প্রতি কোনো অভিযোগ নেই।
শ্রীপুর থানার মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিন্টু মিয়া প্রথম আলোকে বলেন, এ ঘটনায় স্বজনদের কোনো অভিযোগ না থাকায় তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।