
ঢাকার ধামরাইয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা জেলা উত্তরের কমিটির আত্মপ্রকাশ এবং ধামরাই উপজেলার প্রধান কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দলের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও মারামারির ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১৫-২০ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
দলের ঢাকা জেলা উত্তরের কমিটির নেতা-কর্মীদের অভিযোগ, কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে একটি পক্ষ উদ্দেশ্যমূলকভাবে হামলা চালিয়েছে। হামলাকারীরা জুলাইকে পুঁজি করে ব্যবসা করে আসছিল, কমিটিতে পদ না পেয়ে তারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে।
এনসিপির ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক নাবিলা তাসনিদের ভাষ্য, কমিটি আত্মপ্রকাশের কারণে অনেকের জুলাই ব্যবসা বন্ধ হয়ে যাবে, সেই ক্ষোভ থেকে একটি পক্ষ এ ঘটনা ঘটিয়েছে। জুলাই ব্যবসায়ীদের এনসিপি কোনোভাবেই সমর্থন করে না। যারা আজকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে সাধারণ মানুষের ওপর, জুলাই শহীদদের পরিবারের ওপর, তাদের এনসিপি কোনোভাবেই সমর্থন করে না। হামলায় নবগঠিত কমিটির ১০ জন আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।
অন্যদিকে ধামরাই উপজেলা শাখার নেতা-কর্মীদের অভিযোগ, ২০২৪ সালে গণ–অভ্যুত্থানের পর থেকে উপজেলার ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় কার্যালয় থাকা সত্ত্বেও নতুন কার্যালয় উদ্বোধনের উদ্যোগ নেওয়ায় ক্ষিপ্ত হন উপজেলা কমিটির নেতা-কর্মীরা। বিকেল চারটার দিকে উপজেলার কালামপুরে এনসিপি ধামরাই উপজেলার প্রধান কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত এনসিপির ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক নাবিলা তাসনিদের কাছে এ বিষয়ে জানতে গেলে উদ্দেশ্যমূলকভাবে তাঁদের (ধামরাই উপজেলা নেতা–কর্মী) ওপর হামলা চালানো হয়।
ধামরাই উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী ইস্রাফিল ইসলাম (খোকন) জানান, চলতি মাসের শুরুর দিকে এনসিপি ঢাকা জেলা উত্তরের কমিটি গঠন করা হয়। সাভার উপজেলা, আশুলিয়া থানা ও ধামরাই উপজেলা শাখার শীর্ষ নেতাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এ কমিটি গঠন করা হয়। এতে ওই সময়েই ক্ষিপ্ত হন এ তিন শাখার নেতা-কর্মীদের অনেকে।
ইস্রাফিল বলেন, গতকাল বৃহস্পতিবার হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ধামরাইয়ের কালামপুরে ধামরাই উপজেলার কার্যালয় উদ্বোধন করা হবে বলে জানতে পারেন উপজেলা শাখার নেতা-কর্মীরা। ১৬ মাস ধরে ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় কার্যালয় থাকা সত্ত্বেও নতুন কার্যালয় কেন করা হচ্ছে, সেটি জানতে গেলে ধামরাই উপজেলা শাখার নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়। হামলায় উপজেলা শাখার ৯ জন আহত হয়েছেন।
পাল্টাপাল্টি হামলার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছে ধামরাই থানার পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা খান বলেন, এনসিপি ধামরাই উপজেলার প্রধান কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় কেউ কোনো অভিযোগ করেননি। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে সে অনুসারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।