
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় করা মামলা থেকে দুই আসামিকে বেকসুর দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ আবু তাহের এ রায় ঘোষণা করেন। সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
খালাস পাওয়া আসামিরা হলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল গ্রামের আল আমীন (২৭) ও পাবনার দিয়াড় বামুন্দি গ্রামের ইউসুফ আলী (২৭)। তাঁরা দুজন কুষ্টিয়ার জুগিয়া এলাকার ইবনে মাসউদ মাদ্রাসার শিক্ষক। রায় ঘোষণার সময় তাঁরা আদালতে উপস্থিত ছিলেন।
ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় ওই মাদ্রাসার হেফজ বিভাগের দুই ছাত্র কারাগারে আছে। তাদের মামলাটি বর্তমানে শিশু আদালতে বিচারাধীন। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই দুজনকে শনাক্ত করেছিল পুলিশ। পরে অভিযান চালিয়ে মাদ্রাসা থেকে তাদের আটক করা হয়েছিল।
আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৪ ডিসেম্বর রাতে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করা হয়। পরদিন কুষ্টিয়া পৌরসভার সচিব কামাল উদ্দীন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা মামলা করেন। এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারা ও দণ্ডবিধির ৪২৭/৩৪ ধারায় চারজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হয়। পরে রিমান্ড শুনানি শেষে মাদ্রাসার দুই ছাত্রের পাঁচ দিন ও দুই শিক্ষকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তাঁরা চারজনই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কুষ্টিয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) নিশিকান্ত সরকার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী প্রথম আলোকে বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি ইউসুফ আলী ও আল আমিনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। এ ঘটনায় অন্য দুই আসামি কারাগারে আছে। তাঁদের মামলা শিশু আদালতে বিচারাধীন রয়েছে।