নির্মাণাধীন ভবন থেকে পড়ে আহত তরুণ মারা গেছেন

লাশ
প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় ‘টাউন সেন্টার’ নামে নির্মাণাধীন একটি বিপণিবিতানের চারতলা থেকে পড়ে গুরুতর আহত তরুণ মো. রাকিবুল ইসলাম (২৩) মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এর আগে গতকাল সন্ধ্যায় দুর্ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে কল পেয়ে রাকিবুলকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত রাকিবুল ইসলাম ময়মনসিংহের ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকার আলতাফ হোসেনের ছেলে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, নিহত রাকিবুলের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় মো. রাজিউর রহমান ঘটনার বর্ণনা দিয়ে গতকাল রাতে বলেন, জৈনাবাজার এলাকার ‘টাউন সেন্টার’ নামের ওই বিপণিবিতানের নির্মাণাধীন ভবনটিতে লিফট ওঠানামা করার ফাঁকা জায়গা ছিল। অসাবধানতাবশত রাকিবুল ওই ফাঁকা জায়গা দিয়ে চারতলা থেকে নিচতলায় পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। তিনি বলেন, রাকিবুল বিপণিবিতানের কেউ ছিলেন না। কীভাবে সেখানে গেলেন, সেটাও জানা যায়নি।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী প্রথম আলোকে বলেন, ওই ব্যক্তি অসাবধানতাবশত লিফটের জায়গা দিয়ে নিচতলায় পড়ে যান। দুই হাত ও কোমরে গুরুতর আঘাত পেয়েছিলেন তিনি। ৯৯৯ থেকে খবর পেয়ে তাঁরা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।