
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীদের অভিনন্দন জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় বলেছেন, ‘১৫ দিনের পুঁজি দিয়ে রাস্তায় বেশি দিন হাঁটা যায় না। ১৬ বছর ধরে আমরা আন্দোলন করছি। প্রত্যেক রক্তের মূল্য আছে। যে সর্বশেষ রক্ত দিয়েছে, তারও আছে; যে সবার আগে দিয়েছে, তারও আছে।’
ঢাকার কেরানীগঞ্জের কোন্ডা এলাকায় আজ বৃহস্পতিবার দুপুরে বিএনপির কর্মিসভা ও ফরম বিতরণ অনুষ্ঠানে গয়েশ্বর রায় এসব কথা বলেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে।
গয়েশ্বর রায় কর্মিসভায় বলেন, ‘ছাত্রদের কোটাবিরোধী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আট দফার মধ্যে কিন্তু সরকার পতনের দাবি ছিল না। তাঁরা এই আন্দোলনে নামার পরদিন আমরা তাতে প্রকাশ্যে সমর্থন জানিয়েছি। ছাত্ররা আন্দোলনে নামার পরপরই আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে একটি খুদে বার্তা পাঠালাম। পাঁচ মিনিটের মধ্যে তিনি আমার মুঠোফোনে কল করলেন; বললেন, “বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, তাহলে সবাইকে ডেকে বসি।” সেই বৈঠক থেকে ছাত্রদের আন্দোলনের প্রতি নৈতিক সমর্থন জানানো হলো। ভারপ্রাপ্ত চেয়ারম্যান টেলিফোনে সবার সঙ্গে যোগাযোগ শুরু করলেন। তিনি আমাকে বললেন, “শুধু নৈতিক সমর্থন যথেষ্ট নয়, সবাইকে সক্রিয় করতে হবে।” আমি বললাম, “অবশ্যই সক্রিয় করতে হবে। তবে দলীয় ব্যানার ছাড়া আমরা সবাই এই আন্দোলনে অংশগ্রহণ করব।” এরপরই আমাদের ছাত্র-যুবক নেতা-কর্মীরা মাঠে নেমে পড়লেন। হাসিনা কিন্তু বারবার বলেছেন, এটা বিএনপির ষড়যন্ত্র। আমরা বিএনপির পোশাক ছেড়ে হয়ে গেলাম ছাত্র-জনতা। এই আন্দোলনে দেশের সব মানুষ নেমেছিলেন। এদেরকে কে নামিয়েছিল? এই বিএনপিই নামিয়েছিল।’
রাষ্ট্র সংস্কারের প্রয়োজন আছে উল্লেখ করে গয়েশ্বর রায় বলেন, ‘আমরাও সংস্কার চাই। এ জন্য আমরা ৩১ দফা দিয়েছি। কিন্তু এই যে তারা (বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি) যেটা দিতে চায়, সেটা আমাদের না দিলেও আমরা তা কোনো না কোনোভাবে পেয়েছি। সেখানে একাত্তরের মুক্তিযুদ্ধকে এড়িয়ে যাওয়া হয়েছে। একাত্তরে যাঁরা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন, তাঁরা এদের (বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি) ঘাড়ে চেপেছে। আকারে–ইঙ্গিতে তাঁরা বলতে চান, ৫ আগস্ট দেশ স্বাধীন হয়েছে। তাহলে একাত্তর সালের মুক্তিযুদ্ধে গরু-ছাগল রক্ত দিয়েছে? নাকি মানুষ রক্ত দিয়েছে? একাত্তর সালে যাঁরা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন, তাঁদের সবক শুনতে জাতি রাজি না।’
গয়েশ্বর রায় আরও বলেন, ‘ছাত্ররা তিনটি আন্দোলন করেছেন। প্রথম আন্দোলনের মাধ্যমে ভিপি নূর নেতা হয়েছেন। দ্বিতীয়ত, বাড্ডায় দুই বাসের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছিল; সেবার শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিলেন। সর্বশেষ জুলাই মাসে কোটার বিরুদ্ধে আন্দোলন করলেন। সেখানে আমরা সমর্থন দিলাম। কিন্তু আমাদের ১৬ বছরের আন্দোলনে আপনারা কবে নেমেছেন? এ কারণে জনগণের কাছে মুখ্য হচ্ছে গণতন্ত্র, নির্বাচন, নির্বাচিত প্রতিনিধি ও নির্বাচিত সরকার।’
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়ের সভাপতিত্বে কর্মিসভায় বক্তব্য দেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সহসভাপতি মো. আলী, সাংগঠনিক সম্পাদক ঈশা খাঁ ও ঢাকা জেলা বিএনপির সদস্য জয়নাল আবেদীন প্রমুখ।