নিজ হাতে ছেলেকে খিচুড়ি খাওয়াতেন শারমিন আক্তার। ছেলেকে নিয়ে বিস্কুট কিনতে বাইরে বের হতেন। খুব দুরন্ত ছিল ছেলেটি। এক জায়গায় বসিয়ে রাখার উপায় ছিল না। অথচ সেই ছেলেই একসময় খাওয়াদাওয়া ছেড়ে দিল। হাসপাতালের বিছানায় কষ্টে ছটফট করতে লাগল। একপর্যায়ে হাত-পা ছেড়ে নিস্তেজ হয়ে পড়ল। ছেলের জীবনের শেষ দিনগুলোর কথা বলতে গিয়ে শারমিন প্রথম আলোকে বলেন, ‘অনেক ছটফট করেছে ছেলেটা, কিছুই করতে পারিনি, শুধু সহ্য করেছি।’
গত বৃহস্পতিবার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় শারমিনের ১০ মাস বয়সী ছেলে আবদুল্লাহ সালমান। হামে আক্রান্ত হয়েছিল শিশুটি। পরে নিউমোনিয়াও দেখা দেয় বলে জানিয়েছেন তার বাবা আকিব সালমান।
দুই মেয়ের পর আকিব ও শারমিন দম্পতির ঘরে জন্ম হয়েছিল আবদুল্লাহর। তাঁদের বাসা চট্টগ্রাম নগরের কোরবানিগঞ্জে। ছেলের অসুস্থতার খবর পেয়ে জরুরি ভিত্তিতে দুবাই থেকে দেশে ফিরেছিলেন আকিব। এরপর একটি দিনও ঘুমাতে পারেননি। সময় কেটেছে হাসপাতালে।
গতকাল শনিবার মুঠোফোনে কথা হয় আবদুল্লাহর মা-বাবার সঙ্গে। ছেলের কথা বলতে গিয়ে দুজনই ফিরে গেলেন তার সঙ্গে কাটানো দিনগুলোর স্মৃতিতে। বললেন ছেলের দুরন্তপনা, অসুস্থতা আর তাকে বাঁচিয়ে রাখার চেষ্টার কথা।
বয়সের তুলনায় বেশ স্বাস্থ্যবান ছিল আবদুল্লাহ। তাকে দেখে অনেকে ভাবতেন, বয়স দেড় বছর। অথচ তখনো এক বছর পূর্ণ হয়নি তার। ছেলের দুরন্তপনার কথা বলতে গিয়ে শারমিন জানান, এক জায়গায় ছেড়ে দিলে অনেক দূর চলে যেত আবদুল্লাহ। সারা ঘর মাতিয়ে রাখত। অসুস্থ হওয়ার দুই দিন আগেও তাঁর সঙ্গে খেলেছে ছেলেটি।
নভেম্বরের প্রথম সপ্তাহেও ছেলেকে নিয়ে বিস্কুট কিনতে বের হয়েছিলেন শারমিন। ১০ নভেম্বর জ্বর আসে আবদুল্লাহর। কিছুতেই জ্বর কমছিল না। শরীরে দেখা দেয় ফুসকুড়ি। ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে শিশুটি।
অবশ্য এর আগে থেকেই আবদুল্লাহর সর্দি-কাশি ছিল। খিচুড়ি খাওয়ানোর সময় মাঝেমধ্যে গলায় খাবার আটকে যেত। শারমিন ভাবতেন, খাবার হয়তো যথেষ্ট নরম হয়নি। কফের কারণে ছেলের খেতে অসুবিধা হচ্ছিল, তখন তা বুঝতে পারেননি বলে জানান তিনি।
জ্বর বাড়ার পর ১১ নভেম্বর আবদুল্লাহকে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন নেওয়া হয় আরেকটি হাসপাতালে। তখনো আকিব ছিলেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। ছেলের অসুস্থতার খবর পেয়ে ১৪ নভেম্বর দেশে ফেরেন তিনি।
হাসপাতালে চিকিৎসা শেষে ১৬ নভেম্বর ছেলেকে নিয়ে বাসায় ফিরেছিলেন শারমিন। সেদিন ছেলে তাঁর বুকের দুধও খেয়েছিল। চিকিৎসক বলেছিলেন, কোনো সমস্যা নেই আর। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। সেদিনই ডায়রিয়া দেখা দেয় আবদুল্লাহর। পরদিন আবার হাসপাতালে ভর্তি করতে হয় তাকে। দিতে হয় অক্সিজেন। ১৮ নভেম্বর আবদুল্লাহকে নেওয়া হয় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে। সেখানে আইসিইউতে ভর্তি করা হয় শিশুটিকে।
শারমিনের কথায় বারবার উঠে আসছিল ছেলের কষ্ট পাওয়ার স্মৃতি। তিনি জানান, অসুস্থ হওয়ার পর থেকেই আবদুল্লাহর খাওয়াদাওয়া প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। হাসপাতালেও ছেলেকে বুকের দুধ খাইয়েছিলেন তিনি। ছেলের জন্য নিজের রক্তও দিয়েছিলেন। কিন্তু দিন দিন আবদুল্লাহর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল।
শারমিন বলেন, ‘যে ছেলেকে এক জায়গায় বসিয়ে রাখতে পারতাম না, সেই ছেলে একসময় হাত-পা ছেড়ে পড়ে ছিল হাসপাতালের বিছানায়। খাওয়াদাওয়া নেই, খেলাধুলা নেই। ছেলের সেই কষ্ট চোখের সামনে দেখেছি। কিছুই করতে পারিনি। শুধু সহ্য করতে হয়েছে।’
আবদুল্লাহর বাবা আকিব বলেন, ‘আমি বিদেশ থেকে আসার পর ছেলেকে বাঁচাতে যুদ্ধ করেছি। প্রতিটা মুহূর্ত কেটেছে দুশ্চিন্তায়। এক ফোঁটা বিশ্রামও নিতে পারিনি। ছেলেকে সুস্থ করে তুলতে চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ডও বসানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বাঁচাতে পারলাম না।’ নয় দিন আইসিইউতে থাকার পর ২৬ নভেম্বর মারা যায় আবদুল্লাহ। মৃত্যুর সময় হাসপাতালেই ছিলেন আকিব।
দুই মেয়ের পর জন্ম নেওয়া ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন ছিল আকিবের। আকিব প্রথম আলোকে বলেন, ‘ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। অনেক আশা ছিল। কিন্তু হলো না। কোন বাবা চান নিজের হাতে সন্তানকে মাটি দিতে?’
চলতি বছরের ১১ জানুয়ারি জন্ম হয়েছিল আবদুল্লাহর। আর দেড় মাস পরই ছিল তার প্রথম জন্মদিন। দিনটি ঘিরে মা-বাবার নানা পরিকল্পনাও ছিল। কেক কেটে সবাইকে নিয়ে বড় আয়োজন করতে চেয়েছিলেন তাঁরা। শারমিন বলেন, ‘আগামী ১১ জানুয়ারি আবদুল্লাহর এক বছর পূর্ণ হতো। ক্যালেন্ডারের সেই দিনটি আসবে। শুধু আমার ছেলেটা থাকবে না।’
আবদুল্লাহ হামের টিকা পায়নি। মা-বাবা জানান, টিকা দেওয়ার জন্য ছেলেকে নিয়ে গিয়েছিলেন তাঁরা। তবে জ্বর ও সর্দি-কাশি থাকায় তখন টিকা দেওয়া হয়নি। এরপরও সর্দি-কাশি লেগেই ছিল শিশুটির।
চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা প্রায় ১৩ হাজারে পৌঁছেছে। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের গতকাল শনিবারের প্রতিবেদন অনুযায়ী, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ৮৯৬ জন। তাঁদের মধ্যে মহানগরে ভর্তি হয়েছেন ১২ হাজার ৩৬২ জন ও উপজেলায় ৫৩৪ জন। পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ৮৩৭ জনের।
সরকারি হিসাবে সন্দেহভাজন হামে মারা গেছেন ৬৭ জন। তাঁদের মধ্যে মহানগরের হিসাবে ৪৫ জন ও উপজেলার হিসাবে ২২ জনের মৃত্যু নথিভুক্ত হয়েছে। এ ছাড়া পরীক্ষায় হাম শনাক্ত হওয়া তিন রোগীর মৃত্যুর তথ্য রয়েছে সরকারি পরিসংখ্যানে।
সন্তান হারানোর শোকের মধ্যেই আকিব ও শারমিনের পরিবারে দেখা দিয়েছে নতুন উদ্বেগ। আবদুল্লাহর এক ফুফুরও হাম শনাক্ত হয়েছে। তবে আবদুল্লাহর দুই বোন সুস্থ আছে। শারমিন বলেন, পরিবারের সদস্যরা তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু একা বসে থাকলেই ছেলের কথা মনে পড়ে তাঁর। মনে পড়ে ছেলেকে খাওয়ানোর কথা, সঙ্গে খেলার কথা। সেই সঙ্গে মনে পড়ে হাসপাতালের বিছানায় ছেলের কষ্ট পাওয়ার দৃশ্য।