
কুষ্টিয়া জেলা কারাগারের কোয়ার্টার ও মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গ্রামীণ ব্যাংকের দুটি শাখার আগুন দেওয়ার ঘটনা ঘটেছে ময়মনসিংহ ও সিলেটে। এ ছাড়া শেরপুরের ঝিনাইগাতীতে একটি ভূমি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল বুধবার দিবাগত গভীর রাত থেকে আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এসব ঘটনা ঘটে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
কুষ্টিয়া
কুষ্টিয়া জেলা কারাগারের কোয়ার্টার ও প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ ভোরে ও বিকেলে এ ঘটনা ঘটে। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
পুলিশ, কারা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে কারাগারের পূর্ব-দক্ষিণ পাশের প্রাচীরের ওপর দিয়ে দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে। ককটেলটি গাছে লেগে কারারক্ষীদের আবাসিক ভবনের চালে পড়ে বিস্ফোরিত হয়। এতে বিকট শব্দ ও ধোঁয়ার সৃষ্টি হয়।
ঘটনার পর পুলিশ আশপাশের ক্লোজ সার্কিট (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। ফুটেজ পর্যালোচনা করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
কারারক্ষী তরিকুল ইসলাম বলেন, ‘আমরা আবাসিক এলাকায় বিশ্রাম নিচ্ছিলাম। এ সময় বিকট শব্দ হয়।’
কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার শরিফুল আলম বলেন, সড়কের ওপর থেকে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এটি গাছে ও আবাসিক ভবনের চালে পড়ে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, জেলা কারাগারে আবার দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে পালিয়ে গেছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে আজ ভোর পাঁচটার দিকে মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। সড়কের ওপর থেকে নিক্ষেপ করা ককটেলটি বিস্ফোরিত হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
ময়মনসিংহ
ময়মনসিংহ সদর উপজেলায় গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে গ্রামীণ ব্যাংকের একটি শাখার সাইনবোর্ড ও ভবনের সামনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে ব্যাংকের নৈশপ্রহরী দ্রুত আগুন নিভিয়ে ফেলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ময়মনসিংহ সদর উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের রাজগঞ্জ এলাকায় একটি ভাড়া বাড়িতে গ্রামীণ ব্যাংকের রাজগঞ্জ শাখার কার্যক্রম পরিচালিত হয়।
আজ ভোরে উৎপল কর নামের এক ব্যক্তি ওই শাখার সামনে অগ্নিকাণ্ডের ২১ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘হেনার বিয়ে হচ্ছে।’ ছড়িয়ে পড়া ভিডিওতে গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডের নিচে ও ভবনের সামনে আগুন জ্বলতে দেখা যায়।
শাখাটির ব্যবস্থাপক কাজী মনিকা দিলশান প্রথম আলোকে বলেন, ‘রাত আড়াইটার দিকে ব্যাংকের সামনে আগুন দেওয়া হয়। আগুন লাগার পরপরই আমাদের নৈশপ্রহরী তা নিভিয়ে ফেলেন। ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা আগুন দিয়েছে, ধারণা করতে পারছি না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সাইনবোর্ডের নিচে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়া হয়েছিল। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
শেরপুর
শেরপুরের ঝিনাইগাতীর তিনানী বাজারে আজ ভোরে মালিঝিকান্দা ও হাতিবান্দা ইউনিয়নের যৌথ ভূমি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের আসবাবসহ ভূমিসংক্রান্ত অধিকাংশ নথিপত্র পুড়ে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে দুর্বৃত্তরা ভূমি কার্যালয়ের জানালার কাচ ভেঙে ভেতরে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে কার্যালয়ের আসবাব এবং অধিকাংশ নথিপত্র পুড়ে যায়।
সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন ও পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম। এ সময় পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও ছিলেন।
ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুভাগম সরকার সাংবাদিকদের বলেন, আগুনে কার্যালয়ের অধিকাংশ নথিপত্র পুড়ে গেছে। তবে কয়েকটি বিআরএস বই অক্ষত রয়েছে। জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঝিনাইগাতী থানার ওসি এস এম নূর মোহাম্মদ বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
নেত্রকোনা
নেত্রকোনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হোসেনপুর এলাকায় আজ ভোর সাড়ে চারটার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা মো. ফাহিম রহমান খান পাঠানের বাসায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাড়ির বারান্দার একটি কক্ষের কিছু জিনিস পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি।
ফাহিম এনসিপির কেন্দ্রীয় কমিটির বেসরকারি পেশাজীবী সহসম্পাদক ও দলটির নেত্রকোনা জেলা কমিটির সাবেক সদস্যসচিব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নেত্রকোনা–২ (সদর–বারহাট্টা) আসনে শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হন। ফাহিমের ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এ ঘটনা ঘটিয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নেত্রকোনা মডেল থানার ওসি মো. আবুল খায়ের বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার শাখা গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের নিচতলায় গতকাল বুধবার দিবাগত রাতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে দুটি চেয়ার পুড়ে গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আগুন দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি ভবনের নিচতলায় গিয়ে আগুন জ্বালিয়ে কলাপসিবল গেটের ভেতরে ছুড়ে মারছেন। এরপর গেটের ভেতরে আগুন জ্বলতে দেখা যায়।
গ্রামীণ ব্যাংকের মোগলাবাজার শাখার ব্যবস্থাপক রুবেল মিয়া জানান, ভবনটির দ্বিতীয় তলায় তাঁদের কার্যালয়। নিচতলায় গ্রামীণ ব্যাংকের কোনো কার্যক্রম নেই। ফলে আগুনের ঘটনায় ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
মোগলাবাজার থানার ওসি ইমাউল হক বলেন, ভবনটির দ্বিতীয় তলায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়। নিচতলায় ভবনের তত্ত্বাবধায়ক থাকেন। বুধবার রাতে আগুন দেওয়ার ঘটনায় দুটি চেয়ার পুড়ে গেছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় আজ বৃহস্পতিবার ভবনের তত্ত্বাবধায়ক থানায় একটি জিডি করেছেন।
এর আগে গত ১৫ নভেম্বর রাতে সিলেট নগরের শাহজালাল উপশহরে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিরা দেয়াল টপকে কার্যালয়ের ভেতরে ঢুকে বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ করা হয়। এতে জোনাল অফিসারের গাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি কার্যালয়ের কয়েকটি স্থানে আগুন লাগে এবং কিছু জরুরি কাগজপত্র পুড়ে যায়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ককটেল বিস্ফোরণে এক শিক্ষার্থী ও এক অটোরিকশাচালক আহত হয়েছেন। আহত শিক্ষার্থী সানজিদা হামীম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আহত অটোরিকশাচালকের নাম সুজন (৩২)।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা পৌনে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে ছিলেন শিক্ষার্থী সানজিদা। কাছেই অটোরিকশা নিয়ে অবস্থান করছিলেন চালক সুজন। হঠাৎ বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হলে দুজন আহত হন। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী ও প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান।
ঘটনার বর্ণনা দিয়ে আহত শিক্ষার্থী সানজিদা হামীম সাংবাদিকদের বলেন, ‘গেটের সামনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ বিকট শব্দ হয়। আমি ভয় পেয়ে যাই। ককটেলটি বিস্ফোরিত হয়ে সেটির অংশ আমার পায়ে এসে লাগে।’
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক শাহাদাত হোসেন বলেন, বিস্ফোরণের ফলে ধোঁয়া সৃষ্টি হওয়ায় হামলাকারীদের কাউকে শনাক্ত করতে পারেননি সেখানে থাকা লোকজন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করা হবে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়া ও ময়মনসিংহ; প্রতিনিধি শেরপুর, নেত্রকোনা, সিলেট ও কুমিল্লা]