মেয়েকে স্বাবলম্বী করতে চা-দোকানি বাবার সংগ্রাম বিফলে গেল

বড় মেয়েকে হারিয়ে জাইদুল হোসেন এখন পাগলপ্রায়। আজ বুধবার সকালে পাবনার বেড়া পৌরসভার সান্ন্যালপাড়া মহল্লায়
ছবি: প্রথম আলো

পাবনার বেড়া পৌরসভার সান্ন্যালপাড়া মহল্লার জাইদুল হোসেনের বাড়ির পাশেই ছোট্ট একটি চায়ের দোকান। দোকানের সামান্য আয়ে সংসার চালাতে রীতিমতো হিমশিম খেতে হয় তাঁকে। এমন অবস্থায়ও তিনি দুই মেয়ের পড়াশোনার খরচ জুগিয়েছেন। তাঁর বুকভরা স্বপ্ন ছিল, যে করেই হোক, দুই মেয়েকে উচ্চশিক্ষিত করে স্বাবলম্বী করে তুলবেন। কিন্তু গতকাল মঙ্গলবার তাঁর স্বপ্ন অনেকটাই শেষ হয়ে গেছে। তাঁর বড় মেয়ে সুস্মিতা খাতুন কলেজে যাওয়ার পথে আশিক নামের এক বখাটের নির্যাতনে রক্তাক্ত হওয়ার পর অপমানে আত্মহত্যার পথ বেছে নেয়।

সুস্মিতা বেড়া সরকারি কলেজে ব্যবসায় শিক্ষা বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল। আগামী জুন বা জুলাই মাসে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার জন্য সে প্রস্তুতি নিচ্ছিল। স্বপ্ন ছিল কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আইন বিষয়ে পড়াশোনা করবে। ছোট বোনসহ বাড়ির সদস্যদের প্রায়ই সে বলত, পড়াশোনা করে সে আইনজীবী হতে চায়। বাবাকে অর্থনৈতিকভাবে সহায়তা করবে।

সুস্মিতার স্বজনেরা জানান, পড়াশোনার পাশাপাশি সে বাড়তি আয়ের জন্য কঠোর পরিশ্রমও করত। সময় পেলেই বাড়িতে সেলাই মেশিনে নতুন লুঙ্গি সেলাইয়ের কাজ করত। তাঁতিপাড়ায় তাদের বাড়ি হওয়ায় নতুন লুঙ্গি সেলাইয়ের কাজ রয়েছে সেখানে।

সুস্মিতার বোন অষ্টম শ্রেণির ছাত্রী সুবর্ণা খাতুন বলে, ‘আপুর স্বপ্ন ছিল উকিল হওয়া। আপু বলত, উকিল হয়ে সে আমাদের পরিবারের জন্য আয় করবে। আপু যাতে আইন নিয়ে পড়াশোনা করতে পারে, সে জন্য এইচএসসি পরীক্ষায় ভালো ফল করার স্বপ্ন নিয়ে প্রচুর পড়াশোনা করত। পড়াশোনার ফাঁকে সেলাইয়ের কাজ করেও আপু ভালো আয় করত।’

আজ বুধবার সকালে সুস্মিতাদের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়িতে চলছে মাতম। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো লাশ তখনো বাড়িতে পৌঁছায়নি। দুপুরের দিকে লাশ বাড়িতে পৌঁছাতে পারে ধরে নিয়ে বাড়িতে ও গ্রামের কবরস্থানে চলছিল দাফনের প্রস্তুতি। এরই মধ্যে অর্ধচেতন অবস্থায় সুস্মিতার মা ও বাবা আহাজারি করছিলেন।

আহাজারির একপর্যায়ে বাবা জাইদুল হোসেন বলেন, ‘আল্লাহ আমাকে দুটি মেয়ে দিয়েছিলেন। দুই মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। কিন্তু আমার সব কিছু ওলট–পালট হয়ে গেল।’

সুস্মিতার মাসহ বাড়ির লোকজন জানান, মুঠোফোনে পরিচয়ের সূত্র ধরে আশিকের সঙ্গে সুস্মিতার বন্ধুত্ব। কিন্তু আশিকের নানা অনৈতিক কর্মকাণ্ড ও বখাটেপনার খবর জানতে পেরে সুস্মিতা যোগাযোগ বন্ধ করে দিয়ে পড়াশোনায় মন দিয়েছিল। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন আশিক। আর এর ফলেই মঙ্গলবার তিনি সুস্মিতাকে কলেজে যাওয়ার পথে মারধর করে রক্তাক্ত করেন। সেই অপমানেই বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস নিয়ে আত্মহত্যা করে সুস্মিতা।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জমান বলেন, ‘সুস্মিতার বাবা বাদী হয়ে আশিককে আসামি করে থানায় মামলা করেছেন। আশিককে গ্রেপ্তারের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।’