ফয়সাল দিদার
ফয়সাল দিদার

জীবন্ত ঘোড়া দিয়ে প্রচারণা, ৪০ হাজার টাকা জরিমানা গুনলেন প্রার্থী

নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে জীবন্ত ঘোড়া নিয়ে প্রচারণা চালানোয় এক চেয়ারম্যান প্রার্থীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার বিকেলে চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার (দিপু) এ জরিমানা করা হয়। সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সূত্র জানায়, বেশ কয়েক দিন ধরে আচরণবিধি লঙ্ঘন করে চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার জীবন্ত ঘোড়ার গাড়ি চালিয়ে প্রচারণা চালিয়ে আসছিলেন। এমন পরিস্থিতিতে পুলিশ নিয়ে প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করেন।

জরিমানার বিষয়ে প্রার্থী ফয়সাল দিদার প্রথম আলোকে বলেন, ‘বিধি মোতাবেক জরিমানা করা হয়নি। এটি আক্রোশমূলক বলা চলে।’ নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, দ্বিতীয় ধাপে ২১ মে নির্বাচন হবে। এর মধ্যে প্রার্থী, কর্মী-সমর্থক যে কেউ আচরণবিধি লঙ্ঘন করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।